বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক হিসেবে যোগদান করেছেন মেজর জেনারেল সাকিল আহমেদ। ২ মার্চ বুধবার সকালে বিজিবির ডিজি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি।

জানা যায়, গত ১৭ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখা থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে সেনাবাহিনীর মেজর জেনারেল সাকিল আহমেদকে বিজিবির ডিজি পদে নিয়োগ দেওয়া হয়। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখা থেকে ওই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। বিজিবির সাবেক ডিজি মেজর জেনারেল সাফিনুল ইসলাম ২ মার্চ চাকরি থেকে অবসরকালীন ছুটিতে যাচ্ছেন। তার স্থলাভিষিক্ত হলেন মেজর জেনারেল সাকিল।
প্রজ্ঞাপনে বলা হয়, বিজিবির বর্তমান মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল সাফিনুল ইসলামকে সেনাবাহিনীর সশস্ত্র বাহিনী বিভাগে প্রত্যাবর্তন করা হলো। তার জায়গায় মেজর জেনারেল সাকিল আহমেদকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অধীন বিজিবির মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ দেওয়া হলো।

এর আগে মেজর জেনারেল সাকিল আহমেদ পাসপোর্ট অ্যান্ড ইমিগ্রেশন অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।




