জামালপুরের মেলান্দহে ৬৭ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৪ (জামালপুর-শেরপুর) এর সদস্যরা। ১৭ জানুয়ারি সোমবার দুপুরে উপজেলার মালঞ্চ এলাকা থেকে একটি কাভার্ডভ্যানে ভর্তি গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে ব্রাহ্মণবাড়ীয় সদর উপজেলার পশ্চিম পাইকপাড়া গ্রামের মো. ধনু মিয়ার ছেলে মো. আতিকুর রহমান শিপন (২৬) ও একই উপজেলার মেড্ডা গ্রামের মো. কামাল মিয়ার ছেলে মো. কামরুজ্জামান পিয়াস (২৫)।

র্যাব জানায়, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে জামালপুরের মেলান্দহ উপজেলার মালঞ্চ গ্রামস্থ ইউনাইটেড ট্রাষ্ট আলহাজ্ব এমএ রশীদ মা শিশু ও চক্ষু হাসপাতালের সামনে পাকা রাস্তায় অভিযান চালায় র্যাব সদস্যরা। ওইসময় একটি কাভার্ড ভ্যানে প্রায় ৬৭ কেজি গাঁজাসহ আতিকুর রহমান শিপন ও কামরুজ্জামান পিয়াসকে গ্রেফতার করে র্যাব। একইসাথে কাভার্ড ভ্যান, নগদ ১ হাজার ১৯০ টাকা ২ টি ক্রেডিট কার্ড ও ২টি মোবাইল সেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য প্রায় ২০ লাখ টাকা।
এ ব্যাপারে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, ওই গাঁজা ব্রাহ্মণবাড়ীয়া থেকে জামালপুরে বিক্রয়ের জন্য কাভার্ড ভ্যানে বহন করে নিয়ে আসা হচ্ছিল। গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়ীয়া থেকে কাভার্ড ভ্যানে করে দেশের বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, ওই ঘটনায় ধৃত আসামির বিরুদ্ধে মেলান্দহ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।




