স্থানীয় সরকার নির্বাচনের প্রচারণায় সংসদ সদস্যদের অংশ না নিতে নির্বাচন কমিশনের (ইসি) বিধান ‘বৈষম্যমূলক’ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। মঙ্গলবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে মন্ত্রীর সরকারি বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের প্রচারণায় স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমানের অংশগ্রহণ নিয়ে রাজনৈতিক মহলে চলছে আলোচনা-সমালোচনা। এ নিয়ে ক্ষোভ জানিয়ে হাছান মাহমুদ বলেন, ‘নারায়ণগঞ্জে সংসদ সদস্য শামীম ওসমান ঘোষণা দিয়েছেন তিনি নৌকার পক্ষে কাজ করবেন। আমি মনে করি এটিই সঠিক সিদ্ধান্ত। কিন্তু সেটি নিয়ে দেখলাম কিছু গণমাধ্যমে শামীম ওসমান নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেছেন এমন কথা বলা হয়েছে। নির্বাচন কমিশন প্রণীত আচরণবিধিতে বলা হচ্ছে সংসদ সদস্যরা কোনো স্থানীয় নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করতে পারবে না। কিন্তু আশেপাশে কোনো দেশেই এ ধরণের আচরণবিধি নেই, ইউরোপেও এ ধরণের বিধিনিষেধ নেই।’
এর ব্যাখ্যা হিসেবে তিনি বলেন, ‘মন্ত্রী এবং সংসদ সদস্যরা অন্য দেশে তাদের প্রটোকল বাদ দিয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারে। পার্শ্ববর্তী দেশে এমনকি মুখ্য মন্ত্রীরাও পারে, মন্ত্রীরাও পারে। সেক্ষেত্রে শুধু প্রটোকল সুযোগ-সুবিধা বাদ দিতে হয়। সংসদ সদস্যদের ওপর নির্বাচন কমিশনের এ ধরণের বিধিনিষেধ বৈষম্যমূলক। ২০১৫ সালেও এ বিধিনিষেধ ছিল না। অনেকেই বলছেন যে এই বিধিনিষেধ অগণতান্ত্রিক।’
আওয়ামী লীগের পক্ষ থেকে এ বিষয়ে প্রস্তাবনা আনা হয়েছে দাবি করে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের দলের পক্ষ থেকে এ বিষয়টি বেশ কয়েকবার নির্বাচন কমিশনের নজরে আনা হয়েছে এবং কয়েকটি বৈঠকে আমি নিজেও ছিলাম। সেখানে এ বিষয়গুলো উপস্থাপন করা হয়েছিল।’
বিএনপি নেতা রুহুল কবির রিজভীর সম্প্রতি করোনাভাইরাসের সঙ্গে আওয়ামী লীগের তুলনা করায় তার নিন্দা জানান হাছান মাহমুদ। তিনি বলেন, ‘রিজভী সাহেবের এই বক্তব্যে মনে হয়, আসলে রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে বিএনপি নেতারা দিগ্বিদিক জ্ঞান হারিয়ে ফেলেছেন এবং আবোলতাবোল বলছেন, এটি তারই ধারাবাহিকতা।’

বিএনপির উদ্দেশে হাছান মাহমুদ বলেন, ‘এখন তারা মানুষের কাছ থেকে দূরে সরে গেছে আবার একই অপরাজনীতি যদি তারা শুরু করে এবং অপরাজনীতির আশ্রয় নেয়, তারা চিরতরে মানুষের কাছ থেকে দূরে সরে যাবে।’
করোনা মহামারী মোকাবিলায় আওয়ামী লীগ সরকারের সাফল্যের দাবি করে তিনি বলেন, ‘বাংলাদেশে প্রধানমন্ত্রী যেভাবে করোনা মোকাবিলা করেছেন সেটি পার্শ্ববর্তী দেশগুলোসহ অনেক দেশই করতে পারেনি। এটি সারা বিশ্ব কর্তৃক প্রশংসিত হয়েছে এবং করোনা মহামারীকে নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হওয়ার কারণে আমাদের দেশের অর্থনীতি চাঙ্গা আছে। করোনা মহামারিতে গত বছর পৃথিবীর মাত্র ২০টি দেশে পজিটিভ জিডিপি গ্রোথ হয়েছে। তার মধ্যে বাংলাদেশ একটি, বাংলাদেশের অবস্থান তৃতীয়।’









