ফাইভ-জি যুগে প্রবেশ করলো বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ২০০৮ সালের ১২ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত কর্মসূচির ধারাবাহিকতায় ফাইভজি যুগে এই পদার্পণ। ‘ডিজিটাল বাংলাদেশ দিবসে’ রবিবার (১২ ডিসেম্বর) রাতে রাজধানীর রেডিসন হোটেলে ‘নিউ ইরা উইথ ৫ জি’ শীর্ষক এক অনুষ্ঠানের মাধ্যমে পরীক্ষামূলকভাবে এ সেবা চালু করা হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত থেকে ফাইভ-জি উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
প্রধান অতিথির বক্তব্যে সজীব ওয়াজেদ জয় বলেন, ‘আমাদের লক্ষ্য বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া। ফাইভ-জি কেবল উন্নত দেশগুলো চালু করছে। আমরাও সে সময়ে চালু করতে যাচ্ছি। আমরা পিছিয়ে থাকতে চাই না।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ কে এম রহমতুল্লাহ্ এমপি। অনুষ্ঠানে আরে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. খলিলুর রহমান, বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. সাহাব উদ্দিন।
রাষ্ট্রয়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটকের মাধ্যমে দেশে চালু হলো ফাইভ-জি। ফাইভ-জি প্রযুক্তি চালু করতে টেলিটককে সহায়তা করছে হুয়াওয়ে ও নকিয়া। সাইটগুলো যেসব এলাকায় স্থাপন করা হয়েছে- বাংলাদেশ সচিবালয়, জাতীয় সংসদ ভবন এলাকা, প্রধানমন্ত্রীর কার্যালয়, বঙ্গবন্ধু স্মৃতিসৌধ, সাভার জাতীয় স্মৃতিসৌধ ও গোপালগঞ্জের টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর সমাধিস্থল।

মিলবে যত সুবিধা
ফাইভজির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে অত্যন্ত উচ্চগতির ইন্টারনেট। কিছুদিন আগে টেলিটক পরীক্ষামূলকভাবে ফাইভজি একটি ডিভাইসের জন্য চালু করে ১৫০০ মেগাবাইট পর্যন্ত স্পিড পেয়েছিল। বাইরের দেশে ২০০-৪০০ মেগাবাইট স্পিড অহরহই পাওয়া যাচ্ছে ফাইভজির কল্যাণে। এদিকে ‘ওকলা’ নামের একটি প্রতিষ্ঠানের প্রকাশিত আগস্টের সূচকে বাংলাদেশে মোবাইল ইন্টারনেটের গড় গতি ছিল সেকেন্ডে ১২.৯২ মেগাবাইট (এমবিপিএস)। আর আট মেগাবাইটে এক মেগাবাইট।
শুধু গতিই নয়, ফাইভজির অন্যতম বড় সুবিধা লেটেন্সি কমানো। লেটেন্সি- অর্থাৎ ডিভাইস থেকে নেটওয়ার্ক হয়ে তথ্য ওয়েবসার্ভারে পৌঁছাতে এবং ফিরে আসার মধ্যকার সময় যত কম হবে তত সহজেই ইন্টারনেটের মাধ্যমে রিমোট নিয়ন্ত্রণ করা হবে। যদি লেটেন্সি অতিরিক্ত হয়, যেমনটা টুজি বা থ্রিজির মধ্যে দেখা গেছে, তাহলে লাইভ (সরাসরি) কোনো কাজ করা যায়ই না বলা যায়। এমনকি কথা বলার মধ্যেও তখন দেখা যায়, কথা বলার পর সেটি অন্য প্রান্তে পৌঁছতে লেগে যাচ্ছে বেশ কিছু সময়। ফাইভজির মাধ্যমে লেটেন্সি এতটাই কমানো সম্ভব যে বাসায় বসে কয়েক মাইল দূরে থাকা ড্রোনও চালানো যাবে কোনো সমস্যা ছাড়াই। ভবিষ্যতে সেলফ ড্রাইভিং গাড়ি বা রিমোট কন্ট্রোলের মাধ্যমে কৃষি যন্ত্রপাতি চালনার মতো কাজ করা যাবে ফাইভজির মাধ্যমে, অন্তত গবেষকদের তেমনটাই আশা।
উচ্চগতির ফলে দ্রুতই বড় ফাইল, যেমন উচ্চমানের ভিডিও বা বড়সড় সফটওয়্যার থেকে শুরু করে ৪কে মানের লাইভ ভিডিও আদান-প্রদান করা যাবে ফোন থেকেই, ব্রডব্যান্ড ওয়াই-ফাই নেটওয়ার্কের প্রয়োজন হবে না। অনলাইন গেইমিংয়ের ক্ষেত্রেও লেটেন্সি কম থাকায় মোবাইল গেমিং এগিয়ে যাবে আরো এক ধাপ। লেটেন্সি কমানোর পাশাপাশি ফাইভজিতে চেষ্টা করা হয়েছে যত দূর সম্ভব নেটওয়ার্ক ব্যবহারের জন্য প্রয়োজনীয় হার্ডওয়্যার মডেমের আকৃতি ও সেটি চালাতে শক্তি ব্যয় কমানোর। এর ফলে ক্ষুদ্রাকৃতির ইন্টারনেট অব থিংস বা আইওটি ডিভাইস সহজেই ফাইভজির মাধ্যমে সংযুক্ত থাকতে পারবে। এর ফলে স্মার্ট লাইট, ফ্যান, লক থেকে শুরু করে নানা ধরনের সেন্সর, ক্যামেরা ও ডাটা সংগ্রহের ডিভাইস স্বল্পমূল্যে তৈরি করা যাবে এবং সেগুলো চালাতে লাগবে না ওয়াই-ফাই ও ব্রডব্যান্ড সুবিধা।
ইন্টারনেট অব থিংসের বিপ্লব বলা যায় আটকেই আছে শুধু ফাইভজির জন্য। স্মার্ট ডিভাইসের ব্যবহার যদি পুরোদমে শুরু হয়, তাহলে দুনিয়া অনেকটাই বদলে যাবে। শুধু ক্ষুদ্রাকৃতির জিপিএস, মোবাইল ইন্টারনেট এবং স্মার্টফোনে অ্যাপ সুবিধার ফলে বাজারে হাজির হয়েছে রাইড শেয়ারিং এবং বড় পরিব্যাপ্তির হোম ডেলিভারি সেবা, ফোরজির কারণে লাইভ ভিডিও করা হয়েছে অত্যন্ত সহজ, যেখানে ১০ বছর আগেও স্যাটেলাইট লিংক ছাড়া ফিল্ড থেকে লাইভ ভিডিওর কথা কল্পনাও করা যেত না। অতএব, সামনে ফাইভজির ফলে স্বয়ংক্রিয় গাড়ি, রিমোট কন্ট্রোলের মাধ্যমে চাষবাস করা, এমনকি আরো নির্ভরযোগ্য রিমোট ওয়ার্কের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চল থেকেও মূল অফিসে কাজ করা থেকে শুরু করে লাইভ সার্জারির মতো কল্পবিজ্ঞানের চলচ্চিত্রের মতো কাজগুলোও হবে দৈনন্দিন সব ঘটনা।
যে প্রযুক্তি আসছে দেশে
যেহেতু একটি নেটওয়ার্কের মাধ্যমে সব ধরনের কাজ করা সম্ভব নয়, তাই ফাইভজিরও রয়েছে একাধিক ধরন। লো ব্যান্ড ফাইভজি নেটওয়ার্ক বর্তমানের ফোরজি নেটওয়ার্কের চেয়ে মাত্র ২০ শতাংশ বেশি গতিতে কাজ করতে সক্ষম, কিন্তু সেটি বিশাল এলাকা কাভারেজ দিতে পারে। এরপর আছে মিডিয়াম ব্যান্ড, যার স্পিড ফোরজির কয়েক গুণ, কিন্তু কাভারেজ একটি শহরতলির বেশি নয়। আর আছে হাই ব্যান্ড ফাইভজি, যার লেটেন্সি এবং স্পিড ব্রডব্যান্ডের অপটিক্যাল ফাইবারের কাছাকাছি, কিন্তু রেঞ্জ একেবারেই কম। এটিকে মিলিমিটার ব্যান্ডও বলা হয়ে থাকে। বাংলাদেশে লো এবং মিডিয়াম ব্যান্ড নিয়েই কাজ করছে নেটওয়ার্ক নির্মাতা হুয়াওয়ে, আশা করা যায় সব জায়গায় ফাইভজি পৌঁছে যাওয়ার পর ক্ষেত্রবিশেষে মিলিমিটার ব্যান্ডের নেটওয়ার্কের দেখাও মিলবে, তবে আপাতত রেঞ্জ বাড়িয়ে পুরো দেশে নেটওয়ার্ক পৌঁছে দেওয়ার দিকেই জোর দেওয়া হচ্ছে। তাদের ৬৪টি ৬৪আর মিমো এএইউ প্রযুক্তির একটি কার্যকারিতা হলো এটি বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ এলাকায় ব্যবহারের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। পাশাপাশি সাইটে বিদ্যুতের ব্যবহার কমাবে এবং দমকা হাওয়ার চাপেও নিরবচ্ছিন্ন সংযোগ নিশ্চিত করবে।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার জানিয়েছেন, বর্তমানে ফাইভজি নিয়ে দেশে কাজ করছে হুয়াওয়ে, তারা রবির সঙ্গে এরই মধ্যে সফল পরীক্ষা চালিয়েছে। দেশের অপারেটরদের জন্য একটি ফাইভজি নীতিমালাও তৈরি করা হচ্ছে, যাতে আগামী দিনে সব অপারেটর মিলেমিশে কাজ করতে পারে।
অন্যদিকে, হুয়াওয়ের পাশাপাশি বাংলাদেশে ফাইভজি নেটওয়ার্ক স্থাপনের জন্য নির্বাচিত হয়েছে নকিয়া। চুক্তি অনুযায়ী তারা বাংলাদেশে ফাইভজি নেটওয়ার্কের মাধ্যমে অটোমেশন, ডিজিটাইজেশন এবং ইন্ডাস্ট্রি ৪.০ চালনার জন্য সরকারের ডিজিটাল অ্যাজেন্ডাকে তুলে ধরবে।
ব্যবহার করতে যা লাগবে
দেশের স্মার্টফোন বাজারে এরই মধ্যে বেশ কিছু ফাইভজি ফোনের দেখা মিলেছে, যার সব কটিই লো এবং মিডিয়াম ব্যান্ডে কাজ করতে সক্ষম। কিছু ফোনে হাইস্পিড মিলিমিটার ব্যান্ডের অপশনও রয়েছে। কিন্তু বেশির ভাগ ব্যবহারকারীর হাতেই এখনো ফোরজি ফোনের দেখাই মিলছে বেশি। ধরে নেওয়া যেতে পারে, আগামী দুই বছরে বেশির ভাগ ব্যবহারকারীই চেষ্টা করবেন বর্তমান ফোরজি ফোন বদলে ফাইভজি ফোন নেওয়ার, ফলে বাজারে তৈরি হবে বিশাল এক ঘাটতি।
নতুন নেটওয়ার্ক ব্যবহারের জন্য লাগবে লো এবং মিডিয়াম ব্যান্ড ফাইভজি সমর্থিত ফোন, বাজারে যার দাম অন্তত ২৫ হাজার টাকা থেকে শুরু। তবে জানা গেছে, দেশি কম্পানিগুলো এরই মধ্যে কাজ করছে নাগালের মধ্যেই ফাইভজি স্মার্টফোন নিয়ে আসার জন্য। স্মার্টফোন বা ট্যাবলেটের বাইরে চাইলে পিসি বা ল্যাপটপের সঙ্গেও মডেমের মাধ্যমে ফাইভজি ব্যবহার করা যাবে।









