আজ বুধবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। এই দিনে মহানবী হযরত মুহাম্মদ (সা.) জন্ম ও ইন্তেকাল করেন। সারাদেশে দিনটি যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করা হবে। সরকারি, বেসরকারি বিভিন্ন সংস্থা ও সংগঠন দিবসটি উৎযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এই দিনে মুসল্লিরা মসজিদে-মসজিদে মিলাদ-মাহফিলের পাশাপাশি বিভিন্ন আমল করেন।

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বুধবার সরকারি ছুটি। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বাণীতে বলেন, ‘পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) সারাবিশ্বের মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত দিন। মহান আল্লাহতায়ালা হযরত মুহাম্মদকে (সাঃ) ‘রহমাতুল্লি-ল আলামীন’ তথা সমগ্র বিশ্বজগতের রহমত হিসেবে প্রেরণ করেন। দুনিয়ায় তাঁর আগমন ঘটেছিল ‘সিরাজাম মুনিরা’ তথা আলোকোজ্জ্বল প্রদীপ রূপে।’
বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ধর্মীয় ও পার্থিব জীবনে মহানবী হযরত মুহাম্মদ (সা.)- এর শিক্ষা সমগ্র মানবজাতির জন্য অনুসরণীয়। মহানবী (সা.)- এর সুমহান আদর্শ অনুসরণের মধ্যেই মুসলমানদের অফুরন্ত কল্যাণ, সফলতা ও শান্তি নিহিত রয়েছে। করোনা মহামারিসহ আজকের দ্বন্দ্ব-সংঘাতের সময় বিশ্বে প্রিয় নবী (সা.)- এর অনুপম জীবনাদর্শ, তাঁর সর্বজনীন শিক্ষা ও সুন্নাহর অনুসরণ এবং ইবাদতের মাধ্যমেই বিশ্বের শান্তি, ন্যায় ও কল্যাণ নিশ্চিত হতে পারে।’

ইসলামিক ফাউন্ডেশন পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে পক্ষকালব্যাপী বিভিন্ন কর্মসূচি নিয়েছে।




