দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১২০ জনের মৃত্যু হয়েছে। একই সময় এ ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩ হাজার ৯৯১ জন। ২১ আগস্ট শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এছাড়া গত ১০ আগস্ট ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরটি–পিসিআর, জিন এক্সপার্ট ও র্যাপিড অ্যান্টিজেন মিলিয়ে ৭২৪টি সক্রিয় ল্যাবে ২৩ হাজার ৮৮২টি নমুনা পরীক্ষা করলে ৩ হাজার ৯৯১ টির ফল করোনাভাইরাস পজিটিভ আসে। সে হিসাবে রোগী শনাক্তের হার ১৬ দশমিক ৭১ শতাংশ।

গতকাল ৭২৪টি সক্রিয় ল্যাবে ৩৪ হাজার ৮৯২টি নমুনা পরীক্ষা করলে ৫ হাজার ৯৯৩ টির ফল করোনাভাইরাস পজিটিভ আসে। সে হিসাবে রোগী শনাক্তের হার ছিল ১৭ দশমিক ১৮ শতাংশ। এর আগে এ বছর সর্বশেষ গত ২০ জুন শনাক্তের হার ছিল ১৬ শতাংশ।
এই সময়ে বরাবরের মতো সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এই বিভাগে গত এক দিনে মারা গেছেন ৪০ জন কোভিড রোগী। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৭, রাজশাহীতে ৯, খুলনায় ১৫, বরিশালে ৩, সিলেটে ১৩, রংপুরে ৭ ও ময়মনসিংহে ৬ জনের মৃত্যু হয়েছে।
এক দিনে করোনায় মৃত ১২০ জনের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ৯৭ জন, বেসরকারি হাসপাতালে ২২ জন, বাসায় এক জন কোভিড রোগী।
গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ব্যক্তিদের মধ্যে পুরুষ ৬৯ আর নারী ৫১ জন। বয়স বিশ্লেষণে দেখা যায়, ৯১–১০০ বছর বয়সী ২ জন, ৮১–৯০ বছর বয়সী ১ জন, ৭১–৮০ বছর বয়সী ২৪ জন, ৬১–৭০ বছর বয়সী ৫০ জন, ৫১–৬০ বছর বয়সী ২৪ জন, ৪১–৫০ বছর বয়সী ১৪ জন, ৩১–৪০ জন বছর বয়সী ৪ জন এবং ০–১০ বছর বয়সী একজন কোভিড রোগীর মৃত্যু হয়েছে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় কোভিড থেকে সেরে উঠেছেন ৭ হাজার ৬৬৬ জন রোগী। এ নিয়ে এখন পর্যন্ত করোনা থেকে সেরে উঠেছেন ১৩ লাখ ৫৫ হাজার ৪২১ জন। যেখানে এখন পর্যন্ত করোনাভাইরাসে মোট আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৪ লাখ ৫৭ হাজার ১৯৪ জন। আর মৃত্যু হয়েছে ২৫ হাজার ১৪৩ জন করোনা রোগীর।









