তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি বলেছেন, স্ব-পরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মূল নায়ক ছিলেন জিয়াউর রহমান। ইতিহাসের ওই জঘন্যতম হত্যাকাণ্ডের পর ইনডেমনিটি অধ্যাদেশ নামে কালো আইনের মাধ্যমে তার বিচার রহিত করা হলেও দীর্ঘ ২১ বছর পর শেখ হাসিনার সরকার ওই কালো আইন বাতিল করে বিচারের পথ সুগম করেন। স্বাভাবিক প্রক্রিয়ায় সেই বিচার নিস্পন্ন ও সরাসরি জড়িত ঘাতকদের ফাঁসি হলেও নেপথ্য নায়কের মুখোশ জাতির সামনে আজও উন্মোচন করা হয়নি। তিনি জিয়ার মরণোত্তর বিচার দাবি করে বলেন, ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে তার মুখোশ উন্মোচন করা এখন সময়ের দাবি। তিনি ২০ আগস্ট শুক্রবার বিকেলে শেরপুর প্রেসক্লাব ও জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় জেলা শিল্পকলা একাডেমিতে সাংবাদিকদের মাঝে কল্যাণ ট্রাস্টের দ্বিতীয় পর্যায়ের প্রণোদনার চেক বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন।

তিনি বলেন, তালেবানদের আফগানিস্তান দখলের খবরে কেবল পাকিস্তান উল্লসিত নয়, বাংলাদেশেও কেউ কেউ সেই স্বপ্ন দেখছেন। কিন্তু সেই স্বপ্ন কখনোই বাস্তবায়ন হবে না, দুঃস্বপ্নই থেকে যাবে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতিতে সাংবাদিকরাও ফ্রন্টলাইনে কাজ করছেন। পরিস্থিতি মোকাবেলায় বিশেষ অবদান রাখছেন। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের দুঃখ-দুর্দশার কথাও ভাবছেন। তাদের সহায়তায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে প্রণোদনার চেক তুলে দিচ্ছেন। তিনি শেরপুর প্রেসক্লাবের জায়গা নির্ধারণ সাপেক্ষে নিজস্ব ভবন নির্মাণসহ সার্বিক উন্নয়ন ও সাংবাদিকদের কল্যাণে তার তরফ থেকে সার্বিক সহায়তার ঘোষণা দেন।

চেক বিতরণ অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন। তিনি বলেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান জামালপুর-শেরপুরের সন্তান। তার প্রয়াত পিতা মুক্তিযুদ্ধের সংগঠক ও পরিচ্ছন্ন রাজনীতিক এ্যাডভোকেট মতিউর রহমান তালুকদারের নেতৃত্বে একসময় জামালপুরসহ শেরপুর অঞ্চলের আওয়ামী লীগের রাজনীতি পরিচালিত হয়েছে। সেই আদর্শ পিতার আদর্শ ধারণ করেই তিনিও আজ গণমানুষের নেতা। তাই জামালপুরের পাশাপাশি শেরপুরের উন্নয়নেও তিনি ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন হুইপ আতিক।
জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী ও পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন।
অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের ৪৬ জন গণমাধ্যম কর্মীর হাতে ১০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। ওইসময় প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, আওয়ামী লীগের দলীয় নেতৃবৃন্দ ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।








