দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৭৪ জনের মৃত্যু হয়েছে। একই সময় এ ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৬ হাজার ৯৫৯ জন। ১৬ আগস্ট সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরটি–পিসিআর, জিন এক্সপার্ট ও র্যাপিড অ্যান্টিজেন মিলিয়ে ৭১৭টি সক্রিয় ল্যাবে ৩৩ হাজার ১৫টি নমুনা পরীক্ষা করলে ৬ হাজার ৯৫৯ টির ফল করোনাভাইরাস পজিটিভ আসে। সে হিসাবে রোগী শনাক্তের হার ২১ দশমিক ০৮ শতাংশ।

এই সময়ে বরাবরের মতো সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এই বিভাগে গত এক দিনে মারা গেছেন ৭০ জন কোভিড রোগী। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ৩৭, রাজশাহীতে ১৭, খুলনায় ১৯, বরিশালে ৭, সিলেটে ৬, রংপুরে ৭ ও ময়মনসিংহে ১১ জনের মৃত্যু হয়েছে।
এক দিনে করোনায় মৃত ১৭৪ জনের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ১৩৪ জন, বেসরকারি হাসপাতালে ৩৬ জন, বাসায় মারা গেছেন ৪ জন রোগী।
গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ব্যক্তিদের মধ্যে পুরুষ ৯০ আর নারী ৮৪ জন। বয়স বিশ্লেষণে দেখা যায়, একশ বছরের বেশি বয়সী ১ জন, ৯১–১০০ বছর বয়সী ৩ জন, ৮১-৯০ বছর বয়সী ৭ জন, ৭১-৮০ বছর বয়সী ৩৩ জন, ৬১-৭০ বছর বয়সী ৫২ জন, ৫১–৬০ বছর বয়সী ৪১ জন, ৪১–৫০ বছর বয়সী ২১ জন, ৩১–৪০ জন বছর বয়সী ১২ জন এবং ২১–৩০ বছর বয়সী ৩ জন এবং ১১–২০ বছর বয়সী একজনের মৃত্যু হয়েছে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় কোভিড থেকে সেরে উঠেছেন ৯ হাজার ২৬৮ জন রোগী। এ নিয়ে এখন পর্যন্ত করোনা থেকে সেরে উঠেছেন ১৩ লাখ ১ হাজার ৯৬৬ জন। যেখানে এখন পর্যন্ত করোনা ভাইরাসে মোট আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৪ লাখ ২৫ হাজার ৮৬১ জন। আর মৃত্যু হয়েছে ২৪ হাজার ৩৪৯ জন করোনা রোগীর।









