বাড়ির পাশে সেচ পাম্প দিয়ে কৃষক আব্দুল হক (৪৭) এবং অবিজল শেখ (৪৪) নামে দুই সহোদর ভাই ধানক্ষেতে পানি দিচ্ছিলেন। কোনো একসময় বৈদ্যুতিক গোলযোগে পাম্প থেকে প্রবাহিত পানি বিদ্যুৎতায়িত হয়ে যায়। মনের অজান্তে সেই পানি স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তারা। ১৩ আগস্ট শুক্রবার বিকেল চারটার দিকে জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের পোড়ারচর পূর্বপাড়া গ্রামে ঘটে এ দুর্ঘটনা। নিহতরা ওই গ্রামের খুদু শেখের ছেলে।

ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, বিকেলে মৃত অবস্থায় দুই ভাইকে হাসপাতালে নিয়ে আসে তাদের স্বজনরা। কর্তব্যরত চিকিৎসক নাহিদা রহমান পরীক্ষা করে তাদের মৃত ঘোষণা করেন।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজেদুর রহমান জানান, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।









