৭ আগস্ট নয়, ১৪ আগস্ট থেকে গণটিকা কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। ৫ আগস্ট বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. খুরশীদ আলম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ক্যাম্পেইনের আওতায় আপাতত একদিন (৭ আগস্ট) ভ্যাকসিন দেওয়া হবে। তারপর ৭ দিন বন্ধ থাকার পর আবার ক্যাম্পেইন চালু হবে। তবে চলমান টিকাদান কর্মসূচি অব্যাহত থাকবে।

ডা. খুরশীদ আলম বলেন, আমাদের বাকি সব পরিকল্পনা ঠিক আছে। লকডাউনের কারণে পরিবহনে সমস্যা। তাই ৭ তারিখ রান টেস্ট, আর ১৪ তারিখ থেকে গণহারে টিকা কার্যক্রম শুরু। ভ্যাকসিনেশনের এই ক্যাম্পেইনের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বিস্তারিত জানাবেন।
জানা গেছে, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সারাদেশে গণহারে টিকা কার্যক্রম পরিচালনায় ৭ আগস্ট থেকে ১২ আগস্ট পর্যন্ত দেশব্যাপী ৬ দিনের ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের উদ্যোগ নেওয়া হলেও হঠাৎ করেই পরিকল্পনায় পরিবর্তন আনা হয়েছে। ৬ দিনের পরিবর্তে এখন মাত্র একদিন করা হবে এই ক্যাস্পেইন। এরপর ১৪ আগস্ট থেকে গণটিকা কার্যক্রম শুরু হবে। এর আগে বুধবার (৪ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. রোবেদ আমিন জানিয়েছিলেন, সারাদেশে সরকারের পক্ষ থেকে বিনামূল্যে কোভিড-১৯ টিকা প্রয়োগ কার্যক্রম চলমান রয়েছে। সবাইকে টিকার আওতায় আনতে ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়েও আমরা টিকা কর্মসূচি চালু করছি। এ লক্ষ্য আগামী ৭ থেকে ১২ আগস্ট পর্যন্ত দেশব্যাপী কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন চলবে।

করোনা টিকা নেওয়ার পরে করণীয় :
এক নির্দেশনায় অধিদফতর জানিয়েছে, টিকা নেওয়ার পর কেন্দ্রে ৩০ মিনিট অপেক্ষা করতে হবে। বাসায় যাওয়ার পর যেকোনাে রকম শারীরিক সমস্যা/অসুবিধা হলে সঙ্গে সঙ্গে টিকাদান কর্মীকে খবর দিতে হবে। প্রয়ােজনে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ রইল।
মনে রাখতে হবে, কোভিড-১৯ টিকা নেওয়ার পরেও জরুরি কাজে ঘরের বাইরে গেলে অবশ্যই সঠিকভাবে মাস্ক ব্যবহার করতে হবে। একে অপর থেকে অন্ততপক্ষে ৩ ফুট শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে। সাবান ও পানি দিয়ে বারবার ২০ সেকেন্ড ধরে দু’হাত ধুয়ে ফেলতে হবে। মুখ ঢেকে নিতে হবে হাঁচি-কাশির সময়।









