ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টার এতথ্য পাওয়া গেছে। এদের মধ্যে ৬ জন করোনা শনাক্ত হয়ে এবং ১১ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন।
তিনি জানান, গত ২৪ ঘন্টায় রোববার সকাল ৮ টা থেকে সোমবার সকাল ৮ টা পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ছয়জন। উপসর্গ নিয়ে মারা গেছেন ১১ জন।

ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ইউনিটে বর্তমানে ৪২১ জন রোগী ভর্তি আছেন৷ এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২১ জন রোগী। নতুন ভর্তি হয়েছেন ৬৬ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯১ জন।
এদিকে ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় ৮১৬টি নমুনা পরীক্ষা করে ২৬৩ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ৩২ দশমিক ২৩ শতাংশ বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম।




