ময়মনসিংহে প্রাণসংহারী ভাইরাস করোনা পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠছে। প্রতিদিন করোনা শনাক্ত রোগী সংখ্যা বাড়ার পাশাপাশি আশঙ্কাজনক হারে বেড়েছে প্রাণহানি। রোগীর চাপ বাড়ায় চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। ওই অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল কতৃপক্ষকে চিকিৎসক নিয়োগের অনুরোধ জানানো হয়েছে।

এদিকে, ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে ১৭ জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে পাঁচজন ও উপসর্গ নিয়ে ১২ জন মারা গেছেন। ৮ জুলাই বৃহস্পতিবার সকালে মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান ১৭ জনের মুন মৃত্যুর বিয়ষটি নিশ্চিত করে জানান, করোনায় ময়মনসিংহ সদরের ইদুন্নেসা (৮০), কুলসুম আক্তার (৫৫), শামসুল আলম (৭৫), শেরপুর সদরের বিশ্বজিত দেব (৫৪) ও ঝিনাইগাতির মোর্শেদা (৬৫) চিকিৎসাধীন অবস্থার মারা গেছেন। উপসর্গে মৃত্যু হয়েছে- ময়মনসিংহের ফুলবাড়িয়ার ইব্রাহিম (৫০), নান্দাইলের রুপা (১৯), সদরের ডা. মো. মোস্তফা (৭৩), আব্দুল আজিজ (৪২), জামালপুর সদরের আবু বক্কর (৫৯), মোজাহিদ (২২), সরিষাবাড়ির নারগিস (২২), শেরপুর সদরের রিপন ঘোষ (৪৫), রাশিদা বেগম (৪০), নালিতাবাড়ির শামিমা বেগম (৪৫), নেত্রকোনা সদরের আব্দুল জব্বার (৯২), ও হোসেন আলী (৮০)।
ডা. মহিউদ্দিন খান মুন আরও জানান, ‘আইসিইউর ২১ জনসহ মোট ৩৭১ জন রোগী করোনা ইউনিটে ভর্তি আছেন। নতুন ভর্তি হয়েছেন ৫৫ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৯ জন। করোনা ইউনিটে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ২৪৪ জন।’

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, ‘ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও এন্টিজেন টেস্টে ৬৪৫টি নতুন নমুনা পরীক্ষা করে ২৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে।









