ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের ঘটনায় যুবলীগ নেতা মাহবুবুল হক মনিকে গ্রেফতার করেছে পুলিশ। ৭ জুলাই বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল আকন্দ। তিনি জানান, চিকিৎসককে মারধরের ঘটনায় মামলা দায়েরের পর মাহবুবুল হক মনিকে গত রাতে গ্রেপ্তার করা হয়েছে।

জানা গেছে, মাহবুবুল হক মনি মুক্তাগাছা উপজেলা যু্বলীগের সভাপতি ও মুক্তাগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র বিল্লাল হোসেন সরকারের মেয়ের জামাতা।
এদিকে, এ ঘটনায় বুধবার (৭ জুলাই) সকাল থেকে চিকিৎসকরা বিচারের দাবিতে কর্মবিরতি দিয়েছেন। ফলে ভোগান্তিতে পড়েছে স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে আসা রোগীরা।

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, মঙ্গলবার (৬ জুলাই) দুপুরে যুবলীগ নেতা মাহবুবুল হক মনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে কর্তব্যরত চিকিৎসক সালেহীনের কাছে গিয়ে বাসা থেকে তার মায়ের স্যাম্পল আনতে বলেন। তখন সালেহীন তার ডিউটির সময় শেষ হয়ে গেছে বলে জানান। আগামীকাল বাসায় গিয়ে স্যাম্পল এনে পরীক্ষা করে দিবেন জানালে তখন মাহবুবুল হক মনি ক্ষিপ্ত হয়ে ওই চিকিৎসককে মারধর করেন। এ ঘটনায় মুক্তাগাছা থানায় মামলা করা হয়েছে।
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার আহমার উজ্জামান জানান, করোনা যুদ্ধে যারা ফ্রন্টলাইনার হিসেবে যারা কাজ করছেন, তাদেরকে যদি কেউ পেশাগত কাজে বাধা সৃষ্টি করে বা হয়রানি করে তাকে ছাড় দেওয়া হবে না। এ ক্ষেত্রে কোনো দলও বিবেচনা করা হবে না।









