মহামারি করোনায় আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আরও ৪ জন মৃত্যুবরণ করেছেন। ২৯ জুন মঙ্গলবার দুপুরে হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান ওই তথ্য নিশ্চিত করে বলেন, মৃত্যু হওয়া ৪ জনের মধ্যে একজন করোনায় ও তিনজন উপসর্গ নিয়ে মারা গেছেন। তারা সবাই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।

তিনি আরও বলেন, করোনায় আক্রান্ত হয়ে গফরগাঁও উপজেলার আফাজউদ্দিন (৭৫) নামে একজন মারা যান। এছাড়াও উপসর্গ নিয়ে ফুলবাড়িয়ার মকবুল হোসেন (৫৫), ত্রিশালের নুর জামান (৭৮) ও টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার রিনা খাতুন (৪১) মৃত্যুবরণ করেছেন।
ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ও অ্যান্টিজেন টেস্টে ৫৯৩ জনের নমুনা পরীক্ষা করে ১০৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।









