সাংবাদিক, প্রাবন্ধিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানীর ৮৭তম জন্মবার্ষিকী আজ শনিবার। তিনি ১৯৩৪ সালের এই দিনে সিরাজগঞ্জের উল্লাপাড়ার সনতলা গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৮১ সালে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের প্রকাশনা পরিচালক এবং ১৯৯১ ও ২০০৮ সালে দু’দফায় শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পালন করেন বিশিষ্ট এই ব্যক্তিত্ব।

কামাল লোহানী নামে সুপরিচিত হলেও তার পারিবারিক নাম আবু নঈম মোহাম্মদ মোস্তফা কামাল খান লোহানী। ১৯৬২ সালে তিনি ছায়ানটের সাধারণ সম্পাদকের দায়িত্ব নেন। সাড়ে চার বছর ওই দায়িত্ব পালন করেন। পরে মার্কসবাদী আদর্শে ১৯৬৭ সালে গড়ে তোলেন ক্রান্তি শিল্পীগোষ্ঠী। একাত্তরে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম সংগঠক ছিলেন তিনি। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি হিসেবেও চার বছর দায়িত্ব পালন করেছেন। ২০১৫ সালে সাংবাদিকতায় একুশে পদক লাভ করেন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত বছরের ২০ জুন না ফেরার দেশে চলে যান জাতির এ সূর্যসন্তান।









