অত্যন্ত দক্ষতা, সাহসিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার জন্য ডিএমপির তেজগাঁও জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ও শেরপুরের কৃতি সন্তান মো. শহীদুল্লাহ পিপিএমকে প্রশংসাপত্র প্রদান করেছেন জাতিসংঘ বাংলাদেশ অফিসের নিরাপত্তা বিভাগ। ১৭ জুন বৃহস্পতিবার বিকেলে জাতিসংঘ বাংলাদেশ অফিসের নিরাপত্তা বিভাগের উপদেষ্টা রমেশ চন্দ্র সেন ডিসি শহীদুল্লাহ বরাবর দেয়া এক চিঠিতে ওই প্রশংসা জানান।
প্রশংসাপত্রে জাতিসংঘের এই কর্মকর্তা বলেন, শহীদুল্লাহ তেজগাঁওয়ে বিভাগের অধীন শেরেবাংলা নগর থানার টিমের মাধ্যমে অত্যন্ত দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছেন। আন্তর্জাতিক শ্রম সংস্থায় কর্মরত আমাদের কর্মী প্রতীক রঞ্জন বিশীর মুঠোফোন, স্মার্টঘড়ি ও সোনার আংটি গত ৪ জুন রাত ৯টার দিকে ধানমণ্ডি ফুটওভার ফ্রিজের রোড ক্রসিংয়ে ছিনতাই হয়। বিষয়টি তখনই শেরেবাংলা নগর থানায় জানানো হয়। পরে ছিনতাই হওয়া মূল্যবান সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয় তারা।
তিনি বলেন, ভারতে ২০ বছর ধরে পুলিশি সেবা নেয়ার অভিজ্ঞতা থেকে বলতে পারি, ছিনতাই হওয়া জিনিস উদ্ধার করাটা কতটা চ্যালেঞ্জিং ও কষ্টসাধ্য বিষয়। বাংলাদেশ পুলিশ সেই কাজটিই করে দেখিয়েছে। এটা সম্ভব হয়েছে তাদের আন্তরিকতা ও সমন্বিত প্রচেষ্টায়। সত্যি এই কাজটা অনেক প্রশংসার।

এ বিষয়ে পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার শহীদুল্লাহ জানান, গত ৪ জুন জাতিসংঘ অফিসের ওই কর্মকর্তা ধানমন্ডি ৪ নম্বর সড়কের ফুটওভার ব্রিজের রোড ক্রসিংয়ের সময় ছিনতাইয়ের কবলে পড়েন। তাৎক্ষণিক বিষয়টি পুলিশকে জানালে আমরা অনুসন্ধান শুরু করি। পরে ছিনতাই চক্রের এক সদস্যকে লক্ষ্মীপুর থেকে গ্রেপ্তার করে তার নিকট থেকে কিছু মালামাল উদ্ধার করি। এই সময়ে ছিনতাইয়ে ব্যবহৃত চাকু উদ্ধার করে পুলিশ। জাতিসংঘ কর্মকর্তার বক্তব্য অনুযায়ী, ছিনতাইয়ে অংশ নেয়া তিন সদস্য সকলকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই এবং সমস্ত মালামাল উদ্ধার করি। তিনজনেই স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।
উল্লেখ্য, শেরপুরে জন্মগ্রহণকারী মো. শহিদুল্লাহ ২৪তম বিসিএসে পুলিশ বিভাগে যোগ দেন। তেজগাঁও বিভাগে যোগদানের আগে মেধাবী এই কর্মকর্তা ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগে উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি রাজশাহী জেলায় অত্যন্ত দক্ষতা ও সাফল্যের সঙ্গে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাজশাহী জেলার পুলিশ সুপার হিসেবে যোগদানের আগে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি ডিবি (দক্ষিণ), এডিশনাল এসপি হিসেবে চট্টগ্রাম ও বান্দরবান এবং এসি ও এডিসি হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।




