সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও হয়রানি কারীদের গ্রেফতারের দাবিতে নেত্রকোনায় মানববন্ধন ও সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা। ২২ মে শনিবার দুপুরে জেলা প্রেসক্লাব ও সাংবাদিক সমাজের উদ্যোগে পৌর শহরের প্রেসক্লাব মোড়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে সাংবাদিক ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা সাংবাদিক হায়দার জাহান চৌধুরী, প্রেসক্লাব সম্পাদক এম মোখলেছুর রহমান খান, সাংবাদিক আলপনা বেগম,স্থানীয় পত্রিকার সম্পাদক মাহফুজ স্বপন, সাবেক প্রেসক্লাবের সম্পাদক শ্যামলেন্দু পাল, মাহবুবুল কিবরিয়া চৌধুরী, এ কে এম আব্দুল্লাহ, যমুনা টিভির কামাল হোসাইন, জনকন্ঠের সঞ্জয় সরকার, প্রথম আলোর পল্লব চক্রবর্তীসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীবৃন্দ।
এ সময় বক্তারা অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তিসহ হেনস্তা ও হয়রানি কারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় আগামী দিনে আরো কঠোর কর্মসূচি নেয়ার হুঁশিয়ারি দেন সাংবাদিক সমাজ। মানববন্ধন শেষে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন সাংবাদিকরা।









