নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে যাত্রীবাহী লঞ্চ সাবিত আল হাসানকে ধাক্কা দিয়ে ডুবিয়ে দেওয়া সেই কার্গো জাহাজ এসকেএল-৩ কে জব্দ করা হয়েছে, আটক করা হয়েছে জাহাজটির চালকসহ ১৪ জনকে। ৮ এপ্রিল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়ায় নোঙর করা অবস্থায় কার্গো জাহাজটিকে জব্দ করে তাদের আটক করে কোস্টগার্ড। কোস্টগার্ড পাগলা স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট আশমাদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে শীতলক্ষ্যার পাড়ে কয়লাঘাট এলাকায় লঞ্চডুবিতে ৩৪ জন নিহতের ঘটনায় গণশুনানি অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল ১০টায় শুরু হওয়া এই শুনানি চলে দুপুর ২টা পর্যন্ত। এতে সাক্ষ্য দেন প্রত্যক্ষদর্শী, বেঁচে যাওয়া যাত্রী ও নিহতদের স্বজনরা।









