শ্যামলবাংলা ডেস্ক || নারায়ণগঞ্জের তল্লায় বায়তুস সালাত মসজিদে বিস্ফোরণের ঘটনায় হতাহতদের পরিবারকে ৫ লাখ টাকা করে দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ৭ দিনের মধ্যে এই টাকা দিতে বলা হয়েছে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ ওই টাকা নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কাছে দেবে। জেলা প্রশাসক ওইসব টাকা বিতরণ করবেন। ৯ সেপ্টেম্বর বুধবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ ওই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, ব্যারিস্টার মার ই-য়াম খন্দকার।

এর আগে গত ৭ সেপ্টেম্বর মসজিদে বিস্ফোরণের ঘটনায় নিহত ও ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মার ই-য়াম খন্দকার।
নারায়ণগঞ্জের তল্লায় বায়তুস সালাত মসজিদে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি আছেন ১৩ জন। গত ৪ সেপ্টেম্বর রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদের বিস্ফোরণ হয়।









