শ্যামলবাংলা ডেস্ক : ৩ ফেব্রুয়ারী সোমবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম।

শ্রদ্ধা নিবেদন শেষে নবনির্বাচিত মেয়র আতিক বলেন, আমাদের দেশ, আমাদের স্বাধীনতা বঙ্গবন্ধুর অবদান। একটি সোনার বাংলা গড়ে তোলার স্বপ্ন ছিল তাঁর। আমরা সবাই মিলে সেই সোনার বাংলা গড়ে তুলবো। আর সেই সোনার বাংলার রাজধানী হবে সুস্থ, সচল ও আধুনিক ঢাকা। সবাইকে নিয়ে আমরা সেই ঢাকা গড়ে তুলবো।
আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক মান্নান কচি, যুবলীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিলসহ বিপুল সংখ্যক নেতাকর্মী আতিকুলের সঙ্গে ছিলেন।

উল্লেখ্য, গত শনিবার (১ ফেব্রুয়ারি) ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিকুল ইসলামকে বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল। ঘোষিত ফল অনুযায়ী, নির্বাচনে নৌকা প্রতীকের আতিকুল ইসলাম পেয়েছেন ৪ লাখ ৪৭ হাজার ২১১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী তাবিথ আউয়াল পেয়েছেন ২ লাখ ৬৪ হাজার ১৬১ ভোট।









