শ্যামলবাংলা ডেস্ক : শক্তিশালী বিরোধী দল গঠন করতে জাতীয় পার্টি সরকারে যোগ দেননি বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি। ২৮ অক্টোবর সোমবার গুলশানের ইমানুয়েলস মিলনায়তনে জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তরের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথ বলেন।
জিএম কাদের বলেন, ‘দেশের তিনটি প্রধান বড় দলের মধ্যে জাতীয় পার্টি অন্যতম। জোটবদ্ধ নির্বাচনের সংস্কৃতিতে জাতীয় পার্টি জোটবদ্ধ হয়ে নির্বাচন করেছে, কিন্ত শক্তিশালী বিরোধী দল গঠনের লক্ষ্যেই আমরা সরকারে যাইনি।’ আমরা সরকারের গঠনমূলক সমালোচনা করি, সরকারের ভূল ত্রুটি ধরিয়ে দিচ্ছি। সরকারের ত্রুটি-বিচ্যুতি ধরিয়ে দেয়া মানেই জনগণের উপকার করা। বিরোধিতা মানেই সরকারের সকল কর্মকাণ্ডের বিরোধিতা নয়, কিংবা জনগণের কষ্টদায়ক কর্মসূচি দেয়া নয়।
দলের জন্য কাজ করার আহ্বান জানিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে জিএম কাদের বলেন, যারা দলের জন্য ত্যাগ স্বীকার করবে তাদের মূল্যায়ন করা হবে। জাতীয় পার্টিতে দুর্নীতিবাজ নেই। তাই দেশের রাজনীতিতে আগামী দিনে জাতীয় পার্টির সম্ভাবনা উজ্জ্বল।
পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এমপি বলেন, জাতীয় পার্টিতে কোন বিভেদ নেই, জাতীয় পার্টি গোলাম মোহাম্মদ কাদের এর নেতৃত্বে ঐক্যবদ্ধ। ১৯৯৬ সালে জাতীয় পার্টির সমর্থন পেয়ে আওয়ামী লীগ ২১ বছর পরে সরকার গঠন করতে সক্ষম হয়েছে। কিন্তু আওয়ামী লীগ তৃণমূল পর্যায়ে জাতীয় পার্টির সঙ্গে খারাপ আচরণ করছে।
ঢাকা মহানগর উত্তর সভাপতি এস.এম. ফয়সল চিশতীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এমপি, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, সালমা ইসলাম এমপি, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, বাহাউদ্দিন আহমেদ বাবুল, পল্লবী থানার সভাপতি আমানত হোসেন আমানত, মিরপুর থানার সভাপতি জাহাঙ্গীর আলম পাঠান, দারুস সালাম থানার সভাপতি হাসান হামিদ, শাহ আলী থানার সভাপতি মাহফুজ মোল্লা, কাফরুল থানার সভাপতি শামসুল হক, রামপুরা থানার সভাপতি কাজী আবুল খায়ের প্রমুখ।









