ads

মঙ্গলবার , ১৫ অক্টোবর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

যুবলীগের শীর্ষ পদে আলোচনায় যারা

খবর টি পড়েছেন : ১৬৯
যুবলীগের শীর্ষ পদে আলোচনায় যারা
পড়ার সময়: ৫ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : মহান স্বাধীনতার অন্যতম সংগঠক, বঙ্গবন্ধুর ভাগ্নে শেখ ফজলুল হক মনির হাতে গড়া সংগঠন আওয়ামী যুবলীগের ৭ম সম্মেলন ২৩ নভেম্বর। বেলা ১১টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের জাতীয় সম্মেলনের প্রধান অতিথি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সম্মেলনের নতুন তারিখ ঘোষণা হলেই উৎসাহ-উদ্দীপনা বেড়ে যায় সারা দেশের যুবলীগ নেতাকর্মীদের মাঝে। যার যার অবস্থান থেকে প্রার্থিতা জানান দেন নেতারা। সংগঠনটির শীর্ষ পদপ্রত্যাশীরা লবিং-তদবিরে ব্যস্ত সময় পার করেন। ১৯৭২ সালের নভেম্বরে শেখ ফজুলল হক মনির হাত ধরে যুবলীগের পথচলা শুরু। এর পর থেকে যারাই যুবলীগের নেতৃত্বে এসেছেন প্রত্যেকেরই দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার সম্পন্ন ছিলেন। তাদের মেধা, রাজনৈতিক দূরদর্শিতা ও সাংগঠনিক দক্ষতা ছিল আকাশচুম্বি।

Shamol Bangla Ads

কিন্তু, এবারের চিত্রটা একটু সম্পর্ণ ভিন্ন। যুবলীগ নেতাদের ভাষায় এবারের কংগ্রেস হচ্ছে ‘বৈরী’ পরিবেশে। ক্যাসিনো ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে ক্ষমতাসীন দলের অঙ্গসংগঠন যুবলীগ ডেরা। সংগঠনের ঢাকা মহানগর কমিটি থেকে শুরু করে শীর্ষ নেতৃত্ব অনেকের বিরুদ্ধে উঠে ক্লাব ব্যবসার আড়ালে অবৈধ জুয়া পরিচালনা কিংবা এই অবৈধ ব্যবসা থেকে সুবিধাভোগের অভিযোগ। ওই সব অভিযোগে যুবলীগের মাঠ কাঁপানো বাঘা বাঘা নেতাদের অনেকে গ্রেফতার হয়েছেন, রিমান্ডেও আছেন অনেক নেতা। আবার কেউ কেউ টেন্ডারবাজি, চাঁদাবাজির অভিযোগে বহিষ্কারও হয়েছেন। যারা বহিষ্কার কিংবা গ্রেফতার হননি তারাও রয়েছেন আতঙ্কে। এসব কারণে এবারের সম্মেলনে পদপ্রত্যাশী অনেক নেতা চুপসে গেছেন। প্রার্থিতা ঘোষণা নিয়ে ভয়ে আছেন। অনেকেরই ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি’ দশা।
১৯৭২ সালে প্রতিষ্ঠার পর থেকে দু-একটি ব্যতিক্রম বাদে প্রায় প্রতিটি সম্মেলনে বলিষ্ঠ নেতৃত্ব পেয়েছে আওয়ামী যুবলীগ। ওইসব কারণে আওয়ামী লীগ সরকারে থাকলে বিরোধী দলের আন্দোলন-সংগ্রাম মোকাবেলায় এবং বিরোধী দলে (আওয়ামী লীগ) থাকলে বিক্ষোভে রাজপথ কাঁপিয়েছে যুবলীগ। দেশের সব রাজনৈতিক দলের অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর মধ্যে যুবলীগ যে সবচেয়ে শক্তিশালী, সেটি রাজনীতি সচেতনরা এক বাক্যে মেনে নেবেন।

সংগঠন হিসেবে যুবলীগের প্রশংসা যেমন আছে, তেমনি বদনামও কম নয়। সেটি নেতৃত্বের কারণেই। চলমান মাদক, সন্ত্রাস ও দুর্নীতিবিরোধী অভিযানে যুবলীগের প্রভাবশালী নেতাদের নাম চলে আসছে। অনেকে গ্রেফতারও হয়েছেন। অনেকে গ্রেফতারের অপেক্ষায়। প্রতিষ্ঠার পর এবারের মতো এতটা চ্যালেঞ্জের মুখোমুখি যুবলীগ কখনও পড়েছে কিনা সেটি তর্কসাপেক্ষ ব্যাপার।
যুবলীগের নেতৃত্ব দিয়েছেন ফজলুল করিম সেলিম, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজমদের মতো দক্ষ সংগঠক। তাদের কোনো কমিটি নিয়েই এতটা সমালোচনা হয়নি, যতটা হচ্ছে বর্তমান কমিটি নিয়ে। যুবলীগের খোদ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী থেকে শুরু করে কেন্দ্রীয় সংগঠনের বেশ কয়েকজন প্রভাবশালী নেতার বিরুদ্ধে অভিযোগের তীর। তাদের কারও বিরুদ্ধে অভিযোগ দুর্নীতির মাধ্যমে কাড়ি কাড়ি টাকা অর্জনের। কারও কারও বিরুদ্ধে অভিযোগ চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাদক ব্যবসার।

Shamol Bangla Ads

এবারের যুবলীগের কাউন্সিলে বড় ধরনের পরিবর্তন আসবে কমিটিতে। এটি অনেকটাই নিশ্চিত। ক্যাসিনো ব্যবসায়ী, দুর্নীতি ও টেন্ডারবাজ, চাঁদাবাজ নেতারা বাদ পড়বেন। নেতৃত্বে আনা হবে ক্লিন ও স্বচ্ছ ভাবমূর্তির নেতাদের। আসতে পারে দীর্ঘদিনের পরীক্ষিত ও বঙ্গবন্ধু পরিবারের কেউ। ইতিমধ্যে নতুন নেতৃত্বের সন্ধান শুরু করেছেন খোদ আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে সার্বিক সহযোগিতা করছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা।

প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ নেতারা জানিয়েছেন, যুবলীগের নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে পরিচ্ছন্ন ইমেজকে প্রাধান্য দেবেন প্রধানমন্ত্রী। কারণ এ সংগঠনের বর্তমান ভাবমূর্তি তলানিতে এসে ঠেকেছে। এখন এমন ভাল মানের নেতা প্রয়োজন, যারা ভাবমূর্তি পুনরুদ্ধার ও সেটা ধরে রাখবেন।

একাধিক সূত্রে জানা গেছে, এবারের সম্মেলনে যুবলীগের শীর্ষ পদ চেয়ারম্যান পদে দেখা যেতে পারে শেখ পরিবারের কাউকে। এ ক্ষেত্রে যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির পরিবারের কাউকে দেখা যেতে পারে বলে শোনা যাচ্ছে। শেখ মনির বড় ছেলে শেখ ফজলে শামস পরশকে যুবলীগের চেয়ারম্যান করা হতে পারে। তবে, বঙ্গবন্ধু পরিবারের সদস্য হলেও সবসময় নিজেকে রাজনৈতিক দৃশ্যপটের আড়ালেই রেখেছেন দেশের একটি খ্যাতনামা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ওই শিক্ষক। কিন্তু, শেখ পরশ রাজনীতিতে আসতে না চাইলে শেখ মনির ছোট ছেলে আওয়ামী লীগের সংসদ সদস্য ব্যারিস্টার ফজলে নূর তাপসকে যুবলীগের চেয়ারম্যান করা হতে পারে। তাপস রাজনীতিতে আসার পর নিজের স্বচ্ছ ভাবমূর্তি ধরে রাখতে সক্ষম হয়েছেন। সংসদ সদস্য হিসেবেও তিনি ঢাকায় বেশ জনপ্রিয়।
এ ছাড়া চেয়ারম্যান পদে এতদিন আলোচনায় ছিলেন যুবলীগের সাবেক চেয়ারম্যান শেখ ফজলুল করিম সেলিমের ভাই শেখ মারুফও। এখন ফজলুল করিম সেলিমের ছেলে শেখ ফাহিমের নাম আলোচনায় আছে।

জানা যায়, যুবলীগের সর্বশেষ কমিটি হয় ২০১২ সালের ১৪ জুলাই। চেয়ারম্যানের দায়িত্ব পান ওমর ফারুক চৌধুরী এবং সাধারণ সম্পাদক হন হারুন-অর-রশিদ। ১৪৯ সদস্যবিশিষ্ট ওই কমিটিতে চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর অনেকটাই একচ্ছত্র অধিপত্য ছিল। পরে আরও দু’জনকে নিয়োগ দিয়ে ১৫১ সদস্যবিশিষ্ট কমিটি করা হয়।
ইতিমধ্যে, দল ও সরকারের ভাবমূর্তি ক্ষু্ণ্ণকারী নেতাদের বিষয় নিয়ে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন। অপরাধী যেই হোক কোনো ছাড় দেয়া হবে না বলেও জানান তিনি। ইতিমধ্যে ওই বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর ওই নির্দেশনার পর চলমান অভিযানে অনেক নেতাকর্মী গ্রেফতার ও রিমান্ড আতঙ্কে আছেন। ফলে আসন্ন সম্মেলনে প্রার্থিতা হওয়া-না হওয়া নিয়েও দোলাচলে আছেন অনেকে। এরপরও ভেতরে ভেতরে তদবির চালিয়ে যাচ্ছেন অনেকে। যুবলীগের বর্তমান কমিটির একাধিক প্রেসিডিয়াম সদস্য শীর্ষ দুই পদের জন্য উপরে তদবির চালিয়ে যাচ্ছেন। কিন্তু, এ সবই সম্ভাবনার কথা। এবারের কংগ্রেসে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কথাই হবে শেষ কথা। বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনা নিজেই যুবলীগকে ঢেলে সাজাবেন বলে জানা গেছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৬ সেরা কর্মচারী পুরস্কৃত পরবর্তী সংবাদ শপথ নিলেন বুয়েটের শিক্ষক-শিক্ষার্থীরা

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads