শ্যামলবাংলা ডেস্ক : টিকাদান কর্মসূচিতে বাংলাদেশের সফলতা অর্জনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘ভ্যাকসিন হিরো’ পুরস্কার দিয়েছে গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনেশন এবং ইমিউনাইজেশন (জিএভিআই)। স্থানীয় সময় ২৩ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ‘ইমিউনাইজেশনের ক্ষেত্রে বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বের স্বীকৃতি’ শীর্ষক অনুষ্ঠানে শেখ হাসিনাকে ওই পুরস্কার দেওয়া হয়। প্রধানমন্ত্রীর হাতে পুরস্কার তুলে দেন জিএভিআই বোর্ড সভাপতি ড. এনগোজি অকোনজো ইবিলা এবং সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা সেথ ফ্রাংকলিন বার্ক্লে। এক প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই পুরস্কার দেশবাসীর প্রতি উৎসর্গ করেছেন।
অনুষ্ঠানে বাংলাদেশীদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে যোগদানের জন্য আটদিনের সফরে বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২৭ সেপ্টেম্বর শুক্রবার ইউএনজিএ ৭৪তম বার্ষিক অধিবেশনে ভাষণ দেবেন শেখ হাসিনা।









