শ্যামলবাংলা ডেস্ক : উপজেলা নির্বাচনে দলীয় শৃঙ্খলাভঙ্গকারী বিদ্রোহী ও তাদের মদদদাতাদের বিরুদ্ধে আগামী ৮ সেপ্টেম্বর থেকে চিঠি পাঠানো শুরু হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ৩ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি ওইসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের কিছু সিদ্ধান্ত আছে, শোকের মাসে যা বাস্তবায়ন স্থগিত রাখি। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল- আমাদের কার্যনির্বাহী কমিটির মিটিংয়ের উপজেলা নির্বাচনে বিদ্রোহী ও তাদের মদদদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছিলাম। সেই সিদ্ধান্ত আগস্ট মাসে স্থগিত রেখেছিলাম। আমরা সিদ্ধান্ত তো নিয়েই রেখেছি, এর বাস্তবায়নের কার্যক্রম ৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে।
ওবায়দুল কাদের আরও বলেন, ৮ তারিখের আগে আমরা বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম-সাধারণ সম্পাদকদের নিয়ে আলোচনা করব। কোনো ভুল হচ্ছে কিনা, কেউ বাদ পড়ছে কিনা? বা নতুন কোনো সংযোজনের প্রয়োজন আছে কিনা? এই বিষয়গুলো খতিয়ে দেখব। যাতে এই শাস্তিমূলক ব্যবস্থাটা নিখুঁত হয়। সে জন্যই আমরা বিষয়গুলো ভালোভাবে খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছি। তবে ৮ তারিখ থেকে আমরা চিঠি দেয়া শুরু করব।

আগামী ১৪ সেপ্টেম্বর আওয়ামী লীগের পরবর্তী কার্যনির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে জানিয়ে দলটির সাধারণ সম্পাদক বলেন, ১৪ সেপ্টেম্বর আমাদের দলের কার্যনির্বাহী কমিটির মিটিং অনুষ্ঠিত হবে। আমাদের দলের প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ওই বিষয়ে আমার আলোচনা হয়েছে। কিন্তু সময়টা এখন নির্দিষ্ট করে বলতে পারছি না। সেদিন আমরা আমাদের পরবর্তী সাংগঠনিক করণীয় বিস্তারিত আলোচনা করব। কার্যনির্বাহী কমিটির মিটিংয়ের পরে আমরা আবার সারা দেশে আমাদের সাংগঠনিক সফর শুরু করব।
সব শেষ উপজেলা নির্বাচনে যারা বিদ্রোহী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। কিন্তু এর আগেও যারা বিদ্রোহী ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তখন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমাদের নেত্রী (শেখ হাসিনা) সাধারণ ক্ষমা করেছিলেন। সে কারণে ওই বিষয়গুলো বাদ দেয়া হয়েছিল। কিন্তু পরবর্তীত সময়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি। `ডিসিপ্লিন ব্রেক’ করলে, তার বিরুদ্ধে ব্যবস্থা না নিলে এই প্রবণতা বাড়ে। সে কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি। কেউ `ডিসিপ্লিন ব্রেক’করলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
সংবাদ সম্মেলনের আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম, বিএম মোজাম্মেল, একেএম এনামুল হক শামীম, মুহিবুল হাসান চৌধুরী নওফেল, শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক প্রকৌশলী আবদুস সবুর, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, ধর্মবিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আবদুল্লাহ, কৃষিবিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলীসহ সম্পাদক মণ্ডলীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।









