পদ্মা, মেঘনা, যমুনা ও বঙ্গোপসাগরের কূলে কূলে বসবাসকারী এই জনপদের ইতিহাসে সর্বোত্তম আসনে যার অধিষ্ঠান তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। গোপালগঞ্জের পল্লীতে জন্মগ্রহণ করেও তিনি একটি পিছিয়ে পড়া জাতিকে পরাধীনতা থেকে মুক্ত করেছেন। দিয়েছেন স্বাধীনতা। বিশ্ব ইতিহাসে যার দৃষ্টান্ত বিরল। বঙ্গবন্ধু আমাদের স্বাধিকার ও স্বাধীনতা আন্দোলনের নেতা। তিনি অবহেলিত বাঙালি জাতিকে একটি অভীষ্ট লক্ষ্যে স্থির করতে পেরেছিলেন তাঁর দূরদৃষ্টি, রাজনৈতিক প্রজ্ঞা এবং পবিত্র জীবনদর্শন দিয়ে। যে জীবনদর্শনে মিশে আছে সততা, নির্লোভ, মানুষের প্রতি গভীর মমতা, আত্মত্যাগ এবং দুর্মর সাহস। যা তিনি অর্জন করেছিলেন হাজার বছরের চিরায়ত ঐতিহ্য ও সংস্কৃতি থেকে। একটি দেশ, একটি জাতি, একটি পতাকা এই স্বপ্ন বুকে নিয়ে মুক্তির আন্দোলনে তিনি অকুতোভয় চিত্তে দিয়েছেন সর্বোত্তম নেতৃত্ব। তাঁর নামেই পরিচালিত হয়েছে আমাদের মহান মুক্তিযুদ্ধ। তিনি স্বীকৃত হয়েছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি হিসেবে। মানুষের অশেষ শ্রদ্ধায় হয়েছেন জাতির পিতা।
বঙ্গবন্ধু আজীবন অসাম্প্রদায়িকতায় বিশ্বাসী ছিলেন। সর্ব ধর্মের সমন্বয় এবং পারস্পরিক সম্প্রীতি ছিল এই জ্যোতির্ময় নেতার জীবনদর্শন। দীর্ঘ রাজনৈতিক পথচলায় তিনি এই জীবনদর্শন থেকে কখনই বিচ্যুত হন নাই। ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে মানুষের প্রতি ছিল তাঁর অগাধ বিশ্বাস ও সমান ভালোবাসা। মুসলমান-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান দেশের সব ধর্মের মানুষেরও আছে মহান নেতার প্রতি অটুট আস্থা।
ধর্মনিরপেক্ষতা প্রসঙ্গে বঙ্গবন্ধুই বোধকরি সর্বপ্রথম স্পষ্ট করে বলেছিলেন ‘ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়। বাংলার সাড়ে সাত কোটি মানুষের ধর্ম-কর্ম করার অধিকার থাকবে।’ তবে তিনি এটাও সতর্ক করে বলেছিলেন যে পবিত্র ধর্মকে কেউ রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারবে না।
বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক রাজনৈতিক দর্শন এবং তাঁর নেতৃত্বে সব ধর্মের সমন্বয়ের স্বাধীন বাংলাদেশ পছন্দ হয়নি ধর্মান্ধ ও সাম্প্রদায়িক ভাবাপন্ন অপশক্তির। তাই তারা পঁচাত্তরের মধ্য আগস্টে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে জাতির ইতিহাসকে বিপরীতমুখী করার সর্বাত্মক অপচেষ্টা চালায়। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সর্বপ্রকার সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার উত্থান ঘটিয়ে, নিয়ত কলঙ্কিত করে এই ভূখণ্ডের হাজার বছরের সংস্কৃতি ও ঐতিহ্যকে।
তবে জাতির সৌভাগ্য এই যে, পিতার জীবন দর্শনকে আত্মস্থ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দূরদর্শী প্রজ্ঞাময় নেতৃত্বে দেশ ও জাতিকে আবার ইতিহাসের সঠিক পথে ফিরিয়ে এনেছেন। আবার ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ ও বাঙালি জাতি। ললাটে যার নিত্য অর্জিত গৌরব চিহ্ন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী সামনে রেখে ২০২০-২১ সালকে ‘মুজিববর্ষ’ ঘোষণা দিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ‘সম্প্রীতি বাংলাদেশ’ এ জন্য প্রধানমন্ত্রীকে জানায় আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ‘মুজিববর্ষ’ উদযাপনে সরকারি ও বেসরকারি পর্যায়ে বছরব্যাপী ব্যাপক কর্মসূচি নেওয়া হচ্ছে। সহস্র বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে ‘সম্প্রীতি বাংলাদেশ’ বছরব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করতে আগ্রহী। যা হবে মহান নেতা, প্রিয় মাতৃভূমি এবং সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন।
এই ভূখণ্ড, বর্তমান বাংলাদেশে, হাজার বছর ধরে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, সাঁওতালসহ সব ধর্ম-বর্ণের মানুষ ও ক্ষুদ্র নৃগোষ্ঠী একসঙ্গে সম্প্রীতি বজায় রেখে বসবাস করে আসছে বলেই সব স্রোত এক ধারায় এসে মিলিত হয়ে বাঙালি সংস্কৃতিকে করেছে সমৃদ্ধ ও শক্তিশালী। আমাদের মুক্তিসংগ্রাম, মুক্তিযুদ্ধ এবং একাত্তরের ১৬ ডিসেম্বর অভূতপূর্ব বিজয় অর্জনে এককভাবে যে উপাদানটি সবচেয়ে বড় ভূমিকা রেখেছে তা হলো বাঙালি সংস্কৃতির শক্তি। আর বাঙালি সংস্কৃতির মূল কথা হলো- অসাম্প্রদায়িকতা ও সম্প্রীতি। এটা না থাকলে বাংলাদেশ থাকে না। বাংলাদেশ নামের খোলসে হয়তো সেটি অন্য কিছু হয়ে যায়।
আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বাঙালি জাতির হৃদয় স্পর্শ করে বুঝতে পেরেছিলেন স্বাধীন বাংলাদেশের অস্তিত্ব, উন্নতি, মর্যাদা এবং শক্তির অন্যতম অবলম্বন হবে বাঙালি সংস্কৃতিপ্রসূত অসাম্প্রদায়িক রাষ্ট্রনীতি। তাই তিনি স্বাধীন বাংলাদেশের সংবিধানের অন্যতম মৌলিক আদর্শ হিসেবে সন্নিবেশিত করলেন বাঙালি জাতীয়তাবাদ এবং ধর্মনিরপেক্ষতা। সংবিধানে সুনির্দিষ্ট ধারা যোগ করে রক্ষাকবচ তৈরি করলেন, যাতে ধর্মাশ্রয়ী রাজনীতি কেউ আর বাংলাদেশে করতে না পারে। বঙ্গবন্ধুকন্যা, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারই ধারাবাহিকতায়, জাতির পিতার আদর্শের অসাম্প্রদায়িক বাংলাদেশ ধরে রাখতে সচেষ্ট। অথচ একটি চিহ্নিত অপশক্তি সব সময় এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টা করেছে।
এ কথা সবারই জানা যে, বাংলাদেশের অধিকাংশ মানুষ ইসলাম ধর্মে বিশ্বাসী হলেও বাঙালি সংস্কৃতি ও চেতনা এর মূল চালিকাশক্তি। মহান মুক্তিযুদ্ধের ঐক্যবদ্ধ হওয়ার পেছনের চালিকাশক্তি ছিল এই অসাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য। সারা পৃথিবী আজ পরাশক্তির স্নায়ুযুদ্ধের অবসানের পরে ধর্মীয় সন্ত্রাসবাদের উগ্র আক্রমণে উদ্বিগ্ন। ধর্মকে অপব্যবহার করা হচ্ছে রাজনৈতিক ঘুঁটির চাল হিসেবে। বাংলাদেশেও এক শ্রেণির ধর্মভিত্তিক রাজনৈতিক দল ও গোষ্ঠী এই স্পর্শকাতর হাতিয়ারকে ব্যবহার করেছে। বাংলাদেশকে একটি সাম্প্রদায়িক দেশের তকমা লাগানোর জন্য দেশের অভ্যন্তরের একটি চিহ্নিত গোষ্ঠীর পাশাপাশি আন্তর্জাতিক গোষ্ঠী অত্যন্ত সক্রিয়।
পাকিস্তানি শাসনের অবসান ঘটেছে একাত্তরের মুক্তিযুদ্ধে। ১৯৫২ সালের একুশে থেকে ষাটের দশকের জাতীয়তাবাদী ও প্রগতিবাদী আন্দোলনের ফলশ্রæতিতেই উনসত্তরের গণআন্দোলন ও একাত্তরের রণাঙ্গন। হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান সব মিলিয়ে বাঙালি জাতীয়তাবাদী চেতনার যুদ্ধ একাত্তর। ফলে নতুন মানচিত্র বা পতাকাই নয়, আমরা ১৯৭২ সালে পেয়েছি একটি সেক্যুলার গণতান্ত্রিক সংবিধান কিন্তু রাজনৈতিক ক্ষমতা দখল ও ক্ষমতা রক্ষার জন্য দুই জেনারেল সংবিধানের সেক্যুলার চরিত্র বিনষ্ট করেছেন। কায়েমি স্বার্থের টানে থেকে থেকে ঘটেছে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা।
২০০১ সালের সাধারণ নির্বাচনের পর রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর বহু স্থানে নানা রকম নিপীড়নের খবর আমাদের লজ্জিত করেছে। সাম্প্রদায়িকতা জিনিসটা যে কেমন নির্মম, কদর্য ও ক্ষতিকারক, সেটা আমরা অবশ্যই জানি। কিন্তু ব্যাপারটা আসলে যে কী তা সব সময় খেয়াল করি না। কেন ঘটছে তা-ও বুঝি না। এই সাম্প্রদায়িকতার কারণে দুটি ভিন্ন ধর্মাবলম্বী মানুষ পরস্পরকে ঘৃণা করে। ঘৃণা পারস্পরিক সংঘর্ষেরও জš§ দেয়। রক্তপাত ঘটে। কিন্তু আমাদের দেশে তো বিভিন্ন ধর্মের মানুষ যুগ যুগ ধরে একত্রে বসবাস করে এসেছে। হিন্দু কৃষক ও মুসলমান কৃষকের মধ্যে সংঘর্ষ বাধেনি। তারা একে অপরকে উৎখাত করতে চায়নি। নদীতে হিন্দু জেলে ও মুসলমান জেলে একসঙ্গে মাছ ধরেছে। তাঁতিরা তাঁত বুনেছে। সাধারণ মানুষ একে অপরের ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়েছে। একই পথ ধরে হেঁটেছে, একই বাজার-হাটে গিয়ে কেনাবেচা করেছে, থেকেছে একই আকাশের নিচে। কে হিন্দু, কে মুসলমান তা নিয়ে খোঁজাখুঁজি করেনি, নাক সিটকায়নি। সমাজে সম্প্রীতি সৃষ্টির দায়টা যেমন রাষ্ট্রযন্ত্রের ও রাজনৈতিক দলের, তেমনি সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সক্রিয় লাগাতার তৎপরতার বিষয়টিও বহুমাত্রিক। মানসিক পরিবর্তনের জন্য প্রয়োজন শৈশবে সেক্যুলার পারিবারিক শিক্ষা, প্রাথমিক শিক্ষাস্তরে অসাম্প্রদায়িকতার শিক্ষা, সমাজবদলের জন্য শহরে ও গ্রামে লাগাতার প্রচার। এ বিষয়ে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে ‘সম্প্রীতি বাংলাদেশ’ দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে ব্যাপক জনসংশ্লিষ্টতায় একটি সেক্যুলার মূল্যবোধসম্পন্ন সমাজ গড়ার বিষয়টিকে গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে গ্রহণ করতে চায়।
এই বোধ থেকেই সুনির্দিষ্ট লক্ষ্যে সারা দেশে সম্প্রীতির বার্তা নিয়ে যেতে চায় ‘সম্প্রীতি বাংলাদেশ’। ‘মুজিববর্ষ’ পালনে ‘শতবর্ষের পথে বঙ্গবন্ধু ও সম্প্রীতির বাংলাদেশ’ শিরোনামে দেশব্যাপী বছরাধিককাল ধরে চলমান অনুষ্ঠানগুলো থেকে অর্জিত হবে বহুবিধ বাস্তবনির্ভর উপাদান; যা সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম পরিচালনায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমাদের বিশ্বাস। বর্তমান ও আগামী প্রজন্মকে প্রকৃত ইতিহাস সম্পর্কে সত্য ও সঠিক ধারণা দেওয়া, ঐতিহ্য ও সাংস্কৃতিক বিবর্তনের সঙ্গে পরিচয় করানোই আমাদের লক্ষ্য। অসাম্প্রদায়িক এক উজ্জ্বলতর বাংলাদেশের স্বপ্ন দেখানো এবং নৈতিক শিষ্ঠাচার সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতেও এই কার্যক্রম ইতিবাচক ভূমিকা পালন করবে বলেই আমাদের বিশ্বাস।

লেখক : আহ্বায়ক, সম্প্রীতি বাংলাদেশ।






