স্টাফ রিপোর্টার ॥ মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশের স্বাধীনতা অর্জনের নেতৃত্বদানকারী এশিয়া উপমহাদেশের ঐতিহ্যবাহী ও প্রাচীনতম সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরপুরে দলীয় উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়েছে। এ উপলক্ষে ২৩ জুন রবিবার বিকেলে সদর উপজেলা ও শহর আওয়ামী লীগের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপির নেতৃত্বে ওই র্যালিতে জেলা, উপজেলা ও শহর আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেয়।
পরে শহরের চকবাজারস্থ শহীদ মিনার চত্ত্বরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি। সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমির আলী সরকারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত। ওইসময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত ছিলেন। এর আগে সকালে চকবাজারস্থ দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়।




