শ্যামলবাংলা ডেস্ক : পুরনো জরাজীর্ণতা কাটিয়ে তরুণদের মাথা উঁচু করে উর্ধ্বপানে চলার আহ্বান জানিয়ে এ বছর যাত্রা করলো মঙ্গল শোভাযাত্রা। বাংলা নববর্ষ উদযাপনের অন্যতম অনুষঙ্গ মঙ্গল শোভাযাত্রা রবিবার সকাল নয়টায় চারুকলা অনুষদের সামনে থেকে যাত্রা করে। শাহবাগ হয়ে শিশুপার্ক ঘুরে আবার চারুকলায় এসে শেষ হয়।
‘মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে’- এই প্রতিপাদ্যে এবার সকল মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এবারের মঙ্গল শোভাযাত্রার মূল প্রতীক ‘পঙ্খীরাজ ঘোড়া’, যার মুখটা মানুষের মতো। রূপকথার আশ্রয়ে তরুণদের ঊর্ধ্বপানে চাইবার এবং চলবার আহ্বান জানানো হবে এর মাধ্যমে। তরুণ প্রজন্মকে মাথা তুলে দাঁড়াবার, সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানানোর প্রয়াস এই শ্লোগানে। সব বাধা পেরিয়ে অনন্ত সম্ভাবনার সামনে তরুণ প্রজন্ম।
এর আগে, সকালে সামাজিক সকল অনাচারের বিরুদ্ধে মানুষের মনে শুভবোধ জাগিয়ে তোলার মানসে ১৪২৬ বঙ্গাব্দকে গানে গানে বরণ করছে ছায়ানট। ‘অনাচারের বিরুদ্ধে জাগ্রত হোক শুভবোধ’ এই আহ্বান নিয়ে সাজানো হয়েছে রমনার বটমূলের আজকের প্রভাতী আয়োজন। তবে যথারীতি, পহেলা বৈশাখ ভোর সোয়া ছয়টায় বছরের প্রথম সূর্যোদয়কে স্বাগত জানানো হয় রাগালাপ দিয়ে। প্রত্যূষে শিল্পীরা গাইছে প্রকৃতির স্নিগ্ধতা ও সৃষ্টির মাহাত্ম্য নিয়ে ভোরের সুরে বাঁধা গানের গুচ্ছ। এরপরেই গেয়েছে অনাচারকে প্রতিহত করা এবং অশুভকে জয় করার জাগরণী সুরবাণী। গান-পাঠ-আবৃত্তিতে দেশ-মানুষ-মনুষ্যত্বকে ভালবাসবার প্রত্যয় দীপ্ত উচ্চারণ রয়েছে তাতে।









