স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সহ-সভাপতি ও জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি শফিক জামান লেবু (৫৪) আর নেই। তিনি ১২ এপ্রিল শুক্রবার রাত ৮টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি……..রাজিউন)। শফিক জামান লেবু অবিবাহিত ছিলেন। মৃত্যুকালে তিনি এক ভাই, দুই বোন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানা যায়, শুক্রবার বিকেলে শফিক জামান লেবু জামালপুর শহরের দেওয়ানপাড়ায় তার নিজ বাসায় শারীরিকভাবে অসুস্থ বোধ করলে তাকে জামালপুর জেনারেল হাসপালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎতার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নব্বইয়ের দশকে সাংবাদিকতা শুরু করা শফিক জামান লেবু এনটিভি ও বাংলাদেশ প্রতিদিনের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া তিনি ভোরের কাগজ, আজকের কাগজ, আমার দেশ, যায়যায়দিন, একুশে টেলিভিশন, বাংলানিউজ২৪-এ কাজ করেছেন। তার মুত্যুতে জামালপুরে শোকের ছায়া নেমে এসেছে। সেই ছায়া ছড়িয়ে পড়েছে ময়মনসিংহ, নেত্রকোনা ও শেরপুরসহ সাংবাদিক বন্ধুমহলে।
এদিকে বিশিষ্ট সাংবাদিক শফিক জামান লেবুর মৃত্যুতে জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট বাকী বিল্লাহ, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম আধার, শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন গভীর শোক প্রকাশ করেছেন।




