শ্যামলবাংলা ডেস্ক : বনানীর এফআর টাওয়ারের বর্ধিত অংশের মালিক বিএনপি নেতা তাসভির-উল ইসলাম ও ভবনের জমির মালিক প্রকৌশলী এসএমএইচআই ফারুককে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাইবে পুলিশ। রবিবার দুপুরে তাদের আদালতে পাঠিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করবে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ডিবি উত্তর বিভাগের এডিসি গোলাম সাকলাইন সিথিল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
শনিবার দিনগত রাতে তাদের গ্রেফতার করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। রাতেই মামলার তদন্তভার ডিবি পুলিশকে দেয়া হয়। মামলার নতুন তদন্ত কর্মকর্তা ডিবির ইন্সপেক্টর জালাল।
গোলাম সাকলাইন সিথিল বলেন, আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি কাগজপত্র প্রস্তুত করা হচ্ছে। তাদের এ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হবে। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে ১০ দিনের রিমান্ড আবেদন করা হবে।
এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় আরেক এজাহারধারী আসামি রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল এখনও গ্রেফতার হননি।
এ বিষয়ে জানতে চাইলে এডিসি গোলাম সাকলাইন সিথিল বলেন, তাকে গ্রেফতারের চেষ্টা অবশ্যই চলছে। তবে নির্ভরযোগ্য সূত্রে আমরা জানতে পেরেছি, রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান দেশ থেকে পালিয়ে গেছেন।
গত বৃহস্পতিবার বনানীর এফআর বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডে ২৫ জন নিহত হন। পর দিন হাসপাতালে চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু হয়। এ ছাড়া আহতাবস্থায় অর্ধশতাধিক বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় শনিবার বনানী থানায় অবহেলাজনিত মৃত্যু সংঘটনের অভিযোগে পুলিশ বাদী হয়ে একটি মামলা করে।
মামলার এজাহারে আসামি হিসেবে তাসভির-উল ইসলাম, জমির মালিক প্রকৌশলী এসএমএইচআই ফারুক (৬৫) ও রূপায়ণের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুলের নাম উল্লেখ করা হয়েছে।









