ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে মহিন্দ্র ট্রাক্টর থেকে পড়ে গিয়ে ওই ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ইসরাফিল (২৮) নামে এক বালু শ্রমিকের মৃত্যু হয়েছে। ৭ জুন বৃহস্পতিবার সকালে উপজেলার তাওয়াকুচা নামক স্থানে ওই ঘটনা ঘটে। নিহত ইসরাফিল একই উপজেলার ঝোকাকুড়া গ্রামের সওদাগর মিয়ার ছেলে।
জানা যায়, প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে বালু উত্তোলন করার জন্য ইসরাফিল আরও ৪ শ্রমিকের সাথে একটি মহিন্দ্র ট্রাক্টরে চড়ে বালিজুড়ি বালু মহালে যাচ্ছিল। হঠাৎ পথিমধ্যে তার হাতে থাকা দুপুরের খাবারের টিফিন ক্যারিয়ারটি পড়ে যায়। পড়ে যাওয়া টিফিন ক্যারিয়ারটি তুলতে গিয়ে অসাবধানতাবশতঃ পড়ে গেলে চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় সে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই শ্রমিকের লাশ উদ্ধার ও ঘাতক ট্রাক্টরটি আটক করে থানায় নিয়ে যায়।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।




