চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়ায় যাকাত সামগ্রী নিতে গিয়ে ভিড়ের চাপে পদদলিত হয়ে ১০ জন মারা গেছেন। এছাড়া আহত হয়েছেন শতাধিক মানুষ। ১৪ মে সোমবার দুপুরে সাতকানিয়ার নলুয়া ইউনিয়নের গাটিয়াডাঙ্গায় কেএসআরএম গ্রুপের পক্ষ থেকে যাকাত সামগ্রী বিতরণকালে ওই ঘটনা ঘটে।
কবির স্টিল রি-রোলিং মিল (কেএসআরএম) গ্রুপের মালিক মো. শাহজাহানের বাড়ির সামনে যাকাত দেওয়া হচ্ছিল। সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবারক হোসেন ওই তথ্য নিশ্চিত করে তিনি বলেন, আহতদেরকে সাতকানিয়া সদর হাসপাতালে এবং স্থানীয় কয়েকটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এছাড়া গুরুতর আহতদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কেএসআরএম গ্রুপের যাকাত সামগ্রী নিতে রোববার রাত থেকে ওই এলাকায় প্রায় ৫০ হাজার মানুষ জড়ো হয় বলে জানান তিনি।








