শ্যামলবাংলা ডেস্ক : তারেক রহমানকে ফেরত আনার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যুক্তরাজ্য সরকারের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। ৩ মে বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ওআইসি’র ৪৫তম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি ওই কথা জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারেক রহমানকে ফিরিয়ে আনার বিষয়ে ব্রিটিশ সরকারের সঙ্গে আলোচনা অব্যাহত হয়েছে। ইতোমধ্যে আমরা কয়েকবার চিঠিও দিয়েছি।
তারেক রহমান অর্থ পাচারের একটি মামলায় উচ্চ আদালত থেকে ৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত। এছাড়া এতিমখানা দুর্নীতি মামলায় আদালত তাকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন। ফৌজদারি আদালতে তার বিরুদ্ধে অন্তত ১৮টি মামলা বিচারাধীন। কয়েকটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। গত ১০ বছর ধরে পরিবারসহ লন্ডনে বসবাস করছেন তিনি।









