শ্যামলবাংলা ডেস্ক : নেপালের রাজধানী কাঠমান্ডুতে বিধ্বস্ত ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-২১১ ফ্লাইটের প্রধান পাইলট আবিদ সুলতান মারা গেছেন। ১৩ মার্চ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে নেপালের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে জানিয়েছেন বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলার প্রধান নির্বাহী ইমরান আসিফ।
ইমরান আসিফ বলেন, ‘আমরা শুনেছি, পাইলট আবিদ সুলতান বাংলাদেশ সময় সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।’
ইউএস-বাংলার যে প্রতিনিধিদল নেপালে গেছে, তাঁরা নিহত যাত্রীদের মরদেহ যেন দ্রুত দেশে ফিরিয়ে আনা যায়, সেই চেষ্টা চালাচ্ছেন বলেও জানান ইমরান আসিফ। তিনি আরো বলেন, যেসব যাত্রী চিকিৎসাধীন আছেন, তাঁদেরও তদারক করছেন প্রতিনিধিদলের সদস্যরা।
সোমবার দুপুর ১২টা ৫১ মিনিটে ৭১ জন যাত্রী নিয়ে নেপালের উদ্দেশে ঢাকা ছাড়ে ইউএস-বাংলার ড্যাশ-৮ কিউ ৪০০ মডেলের বিমানটি। দুপুর ২টা ২০ মিনিটে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বিমানটিতে আগুন ধরে যায়। ওই ঘটনায় মোট ৫০ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেল।









