ads

বৃহস্পতিবার , ১৩ জুলাই ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

১৬ হাজার মিলার কালো তালিকাভুক্ত : খাদ্যমন্ত্রী

খবর টি পড়েছেন : ১৬৭
১৬ হাজার মিলার কালো তালিকাভুক্ত : খাদ্যমন্ত্রী
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম জানিয়েছেন, অবৈধভাবে চাল মজুদ করায় ১৬ হাজার মিল মালিককে (মিলার) কালো তালিকাভুক্ত করেছে সরকার। আগামী ৩ বছর কালো তালিকাভুক্ত ওইসব মিলারের কাছ থেকে সরকার চাল কিনবে না।
তিনি ১৩ জুলাই বৃহস্পতিবার সচিবালয়ে চাল আমদানি পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওইকথা জানান। ওই সময় খাদ্য অধিদফতরের মহাপরিচালক মো. বদরুল হাসান উপস্থিত ছিলেন।
খাদ্যমন্ত্রী বলেন, ‘হাওর অঞ্চলে অকাল বন্যার পর থেকেই অসাধু ব্যবসায়ীরা চাল মজুদ শুরু করেছিল, যে কারণে বাজারে চালের মূল্য বৃদ্ধি পেয়েছিল।’
অসাধু চাল ব্যবসায়ীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে—জানতে চাইলে মন্ত্রী ১৬ হাজার মিলারকে তিন বছরের জন্য কালো তালিকাভুক্ত করা এবং তাদের কাছ থেকে চাল না কেনার সরকারি পদক্ষেপের কথা জানান।
বোরো সংগ্রহ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা যে ক্রয়মূল্য ৩৪ টাকা দিয়েছিলাম, বাজারের দামের সঙ্গে এর বিরাট ফারাক ছিল। এর ফলশ্রুতিতে আমরা সংগ্রহ করতে পারিনি।’
খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ‘চালের আমদানি শুল্ক উঠিয়ে দেওয়ার পর ভারত থেকে চাল আসছে। বেসরকারিভাবে ৮৪ হাজার টন চাল দেশে এসেছে। অভ্যন্তরীণভাবেও চাল সংগ্রহ করা হচ্ছে। ভারত অবশ্য তাদের চালের মূল্য বাড়িয়ে দিয়েছে। পর্যাপ্ত চাল আসার পর মজুদকারীরা এখন ধরে রাখা চাল বাজারে ছেড়ে দিতে বাধ্য হচ্ছে।’ ‘তারা এখন পস্তাচ্ছে’—বলেও মন্তব্য করেন তিনি।
দেশে সরকারিভাবে তালিকাভুক্ত চালকলের সংখ্যা কত—জানতে চাইলে খাদ্য অধিদফতরের মহাপরিচালক বদরুল হাসান বলেন, ‘দেশে প্রায় ২০ হাজার মিল রয়েছে, যার মধ্যে ১৬ হাজার মিলকে কালো তালিকাভুক্ত করা হয়েছে।’
কালো তালিকার বাইরে থাকা ৪ হাজার মিল থেকে চাহিদা অনুযায়ী খাদ্যশস্য সংগ্রহ করা সম্ভব কি-না—এমন প্রশ্নের জবাবে মহাপরিচালক বলেন, ‘সরকার অভ্যন্তরীণভাবে ১০ থেকে ১২ লাখ টন চাল সংগ্রহ করে। এই পরিমাণ চাল দুই থেকে আড়াই হাজার মিল থেকে সংগ্রহ করা যাবে।’
খাদ্যমন্ত্রী জানান, ‘সরকারিভাবে আগস্টের মধ্যে আড়াই লাখ টন চাল দেশে আসবে। ভিয়েতনাম থেকে আমদানি করা চালের প্রথম চালানে ২০ হাজার মেট্রিক টন চাল নিয়ে একটি জাহাজ বৃহস্পতিবার চট্টগ্রামে এসেছে। প্রয়োজনীয় শুল্ক প্রক্রিয়া শেষ করে শুক্রবারই ওই চাল খালাস হতে পারে।’
তিনি আরও বলেন, ‘আড়াই লাখ টনের মধ্যে দ্বিতীয় চালানে ১৮ জুলাই ২২ হাজার টন এবং ৩০ জুলাই ২১ হাজার টন ও ৩০ হাজার টনের চালান দেশে আসবে।’
মন্ত্রী বলেন, ‘সরকারিভাবে চাল আনতে চারটি দরপত্র হয়েছে। টেন্ডারে ৪০ দিনের মধ্যে চাল সরবারহ করতে বলা হচ্ছে। ভারত, মিয়ানমার ও থাইল্যান্ড থেকেও সরকারিভাবে চাল আসছে। সাড়ে চার লাখ মেট্রিক টন চাল পাইপলাইনে আছে। বেশিরভাগ এই মাসের মধ্যে পাওয়া যাবে। আগস্টের মধ্যে সাড়ে ৪ লাখ টন চাল আসবে।’
কামরুল ইসলাম আরও জানান, ‘আগামী ১৬ জুলাই ভারতের একটি প্রতিনিধি দল এবং ২৮ জুলাই থাইল্যান্ডের একটি প্রতিনিধি দল ঢাকা আসবে। তাদের সঙ্গে বসে দরদাম ঠিক করে জি-টু-জি ভিত্তিতে চাল আনা হবে। আগস্টে কর্মকর্তারা কম্বোডিয়া যাবেন। দেশটি সমঝোতা চুক্তির খসড়া পাঠিয়েছে। সেখান থেকে জি-টু-জি ভিত্তিতে চাল আনা হবে।’ মিয়ানমারও চাল দিতে আগ্রহী বলে জানান তিনি।
দেশে চাল মজুদ কত রয়েছে—জানতে চাইলে খাদ্যমন্ত্রী সরাসরি এ প্রশ্নের জবাব দেননি। তবে মজুদ কম থাকায় চালের দাম বেড়েছে কি-না, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যারা বলছেন, তারা ভুল ব্যাখ্যা দিচ্ছেন। সরকার শুধু সরকারি বিতরণ ব্যবস্থায় চাল সরবরাহ করে থাকে। তবে পর্যাপ্ত চাল মজুদ আছে। সেপ্টেম্বরে খাদ্যবান্ধব কর্মসূচি আসবে। যেকোনো ব্যাপারে সহায়তা দেওয়ার মতো যথেষ্ট পরিমাণ চাল মজুদ আছে।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে কলেজছাত্রী লোপা নির্যাতনের মামলায় যৌতুকলোভী স্বামী এসআই… পরবর্তী সংবাদ ছাগল, ভেড়া ও মহিষ পালনেও ঋণ দেবে সরকার…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads