স্টাফ রিপোর্টার ॥ স্বাধীনতা পদকপ্রাপ্ত প্রখ্যাত কলামিস্ট অধ্যাপক যতীন সরকার বলেছেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শুধু বাঙালির কবি ছিলেন না। তিনি ছিলেন মানবতার কবি। আপন সৃষ্টিতেই তিনি চির নতুনের মাঝে নিজের আবির্ভাবক্ষণকে অনুভব করেছিলেন। নিজেকে উন্মোচন করে চেয়েছিলেন সূর্যের দীপ্তি দিয়ে ভূবন আলোকিত করতে। এজন্য আমৃত্যু কর্মযজ্ঞের মধ্য দিয়ে ধাবমান রবীন্দ্রনাথ হয়ে উঠেছেন হাজার বছরের পথিকৃৎ বাঙালি। তার কাব্যগ্রন্থ, সুরের ডালা আর সরল লেখনির মধ্য দিয়ে বাঙালি খুঁজে পেয়েছে তার সকল আবেগ। রবীন্দ্রনাথের গান-কবিতা প্রেরণা যুগিয়েছিল আমাদের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে। তিনি ৮ মে সোমবার বিকেলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬তম জন্মজয়ন্তী উপলক্ষে শেরপুরের নকলা উপজেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে স্থানীয় পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন। অধ্যাপক যতীন সরকার বলেন, রবীন্দ্রনাথ মানবতাবাদী অসাম্প্রদায়িক চেতনার কবি। তার চিন্তা-চেতনা, অর্ন্তনিহিত ভাব ও দর্শন আমাদের জাতীয় ও ব্যক্তি জীবনে প্রাসঙ্গিক করে তুলতে পারলে সামগ্রিক উন্নয়ন ও কল্যাণ ত্বরান্বিত হবে। সেইসাথে আজকের সংঘাতময় বিশ্বে রবীন্দ্রনাথের সংস্কৃতি চর্চায় শান্তির আবহ বয়ে আনতে পারে।
শিল্পকলা একাডেমীর সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন যতীন সরকারের সহধর্মিনী শ্রীমতি কানন সরকার। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহ, শিক্ষাবিদ মজিবুর রহমান প্রমুখ। পরে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় রবীন্দ্র সঙ্গীত নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।








