স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে ৭ বছর বয়সী দ্বিতীয় শ্রেণী পড়–য়া এক শিশুকে ধর্ষণের মামলায় সাগর মিয়া (১৫) নামে এক কিশোরের ৭ বছরের আটকাদেশ দেয়া হয়েছে। ৭ মে রবিবার দুপুরে শিশু আদালতের বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মুসলেহ উদ্দিন আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষনা করেন। সে সদর উপজেলার জঙ্গলদী পুরানপাড়া গ্রামের হানিফ উদ্দিনের ছেলে।
শিশু আদালতের পিপি অ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু জানান, ২০১৫ সালের ৯ জুলাই দুপুরে ওই কিশোর প্রতিবেশী শিশুটিকে ফুঁসলিয়ে বাড়ির পাশে পাট ক্ষেতে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে শেরপুর ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ওই ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে শেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। পরে তদন্ত শেষে সদর থানার এসআই মোঃ মনিরুল ইসলাম ভূঁইয়া কিশোর সাগরকে একমাত্র আসামী করে একই বছর ১৭ নভেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত ১১ সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে রবিবার ওই কিশোরকে ৭ বছরের আটকাদেশ প্রদান করেন।









