স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে জমি নিয়ে বিরোধে শ্যালক ও তার সঙ্গীদের ধারালো অস্ত্রের আঘাতে আব্দুল হাই (৫৫) নামে এক ভগ্নিপতি খুন হয়েছেন। ২৩ মার্চ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের দড়িপাড়া গ্রামে ওই খুনের ঘটনা ঘটে। নিহত আব্দুল হাই স্থানীয় মৃত আজহার আলীর ছেলে। দুপুরে জেলা সদর হাসপাতাল মর্গে আব্দুল হাইয়ের ময়নাতদন্ত সম্পন্ন হয়। ওই ঘটনায় সদর থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, নিহত আব্দুল হাইয়ের সাথে তার শ্যালক আশরাফ আলীর দীর্ঘদিন ধরেই ওয়ারিশী জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার সকাল ৮টার শ্যালক আশরাফ আলী লোকজন নিয়ে বিরোধপূর্ণ জমি দখল করতে গেলে আব্দুল হাই ও তার পুত্রের সাথে ঝগড়া শুরু হয়। পরবর্তীতে ওই ঝগড়া সংঘর্ষে রূপ নিলে আশরাফ আলী ও তার লোকজনের ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই নিহত হন আব্দুল হাই। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।









