নালিতাবাড়ী (শেরপুর) সংবাদদাতা ॥ ফের শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে হাতি আতঙ্ক দেখা দিয়েছে। উপজেলার শমশ্চুড়া সীমান্ত পাহাড়ের চেংবেড় টিলায় বন্য হাতির একটি পাল অবস্থান করায় ওই আতঙ্ক ছড়িয়ে পড়েছে সীমান্তবাসীর মাঝে। স্থানীয় অধিবাসীরা জানিয়েছেন, রবিবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত চেংবেড় টিলায় বন্য হাতির পালটি অবস্থান করছে।
জানা যায়, রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভারতে মেঘালয় সীমান্তের মাচাংপাড়া থেকে ৩০/৪০টি বন্য হাতির পাল উপজেলা পশ্চিম শমশ্চুড়া ইউনিয়নের কোচপাড়া এলাকার সমতলে নেমে আসে। ওইসময় পশ্চিম শমশ্চুড়া গ্রামের আসকর আলী, মো. ইসরাফিল, নবী হোসেন, বেলায়াত হোসেন, আছর আলী, আবদুল মান্নানের ৮০ শতাংশ জমির বোরো আবাদ ও নওশেদ মিয়ার ২০ শতাংশ গম ক্ষেত খেয়ে ফেলে। এছাড়া একই গ্রামে লাববের মিয়ার ৩০ শতাংশ তরমুজ ক্ষেত পা দিয়ে নষ্ট করে ফেলেছে। গ্রামবাসী মশাল জ্বালিয়ে রাত সাড়ে ১১টার দিকে হাতি পালটিকে সমশ্চুড়া পাহাড়ের দিকে তাড়িয়ে দেয়। মঙ্গলবার হাতির পালটি শমশ্চুড়া চেংবেড় পাহাড়ে অবস্থান করছে। সন্ধ্যার পর আবারও হাতির পালটি এলাকায় হানা দিতে পারে বলে গ্রামবাসী আতংকের মধ্যে রয়েছে।
পোড়াগাঁও ইউনিয়ন পরিষদে সদস্য নবী হোসেন বলেন, আমিসহ গ্রামবাসী মিলে মশাল জ্বালিয়ে হাতির পালটিকে তাড়িয়েছি। আবার হাতি লোকালয়ে হানা দিতে পারে বলে গ্রামবাসি মধ্যে কিছুটা আতংক রয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তরফদার সোহেল রহমান বলেন, গ্রামবাসীকে নিয়ে মশাল জ্বালিয়ে হাতি তাড়ানোর জন্য সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের কেরোসিন তেল কিনতে বলা হয়েছে।









