বিশেষ প্রতিনিধি ॥ প্রেমের ফাঁদে ফেলে শেরপুরের নালিতাবাড়ীতে এক স্কুলছাত্রীকে ধানক্ষেতে ফেলে ধর্ষণ করেছে জহুরুল ইসলাম (১৯) নামে এক প্রতারক প্রেমিক। ওই ঘটনায় ১৫ নভেম্বর মঙ্গলবার রাতে নালিতাবাড়ী থানায় একটি মামলা দায়ের হয়েছে। জহুরুল উপজেলার রূপনারায়নকুড়া ইউনিয়নের বাগিচাপুর গ্রামের আব্দুল মতিন মাস্টারের ছেলে ও নাজমুল স্মৃতি বিশ্ববিদ্যালয় কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র এবং ওই ধর্ষিতা স্থানীয় হতদরিদ্র পরিবারের কন্যা ও নিচপাড়া এসইএসডিপি উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী। বুধবার দুপুরে জেলা সদর হাসপাতালে ধর্ষিতা স্কুলছাত্রীর ডাক্তারি পরীক্ষা ও বিকেলে আদালতে তার জবানবন্দি গ্রহণ করা হয়েছে। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এখনও গ্রেফতার হয়নি প্রতারক প্রেমিক।
জানা যায়, ওই স্কুলছাত্রীর সাথে প্রতিবেশি জহুরুল ইসলাম প্রায় ২ বছর যাবত বিয়ের প্রলোভনে ফেলে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। ওই সম্পর্কের সূত্র ধরেই ১২ নবেম্বর শনিবার রাত ৯ টার দিকে তাকে ঘর থেকে ডেকে কথা-বার্তার ছলে বাড়ির অদূরে নিয়ে যায় এবং এক পর্যায়ে পাশে থাকা ধানক্ষেতে ফেলে ধর্ষণ করে। এরপর স্কুলছাত্রীকে ধানক্ষেতে ফেলেই পালিয়ে যায় প্রতারক প্রেমিক জহুরুল। অন্যদিকে ওই অবস্থায় স্কুলছাত্রীর পিতা তাকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করলে সে নিজের ইজ্জত হারিয়ে ভয়ে বাড়ি না ফিরে ঘটনাস্থলের অদূরে একটি পরিত্যক্ত ও বিধ্বস্ত মাটির দালান ঘরে আশ্রয় নেয়। ওই অবস্থায় রবিবার বিকেলে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে পরিবারের লোকজন। বিষয়টি এলাকায় জানাজানি হয়ে পড়লে সোমবার স্থানীয় মাতব্বরেরা তা নিয়ে গ্রাম্য শালিশে বসে উভয়ের বিয়ের সিদ্ধান্ত দেন। এতে ছেলেপক্ষ আপত্তি করায় ওই শালিস ভেঙ্গে যায়। এরপর মঙ্গলবার রাতে ধর্ষিতা স্কুলছাত্রীর মা বাদী হয়ে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করেন।
এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম ফসিহুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে ভুক্তভোগীর পক্ষে মামলা দায়ের করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।









