শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুর উপজেলায় দুই ট্রাকের সংঘর্ষে পুলিশের ৫ সদস্যসহ ৭ জন নিহত হয়েছেন। ১২ নভেম্বর শনিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে উপজেলার মহিপুর বাজার এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে ওই দুর্ঘটনায় আহত হয়েছেন ৪ জন।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. এরফান জানান, নিহত ৫ পুলিশ সদস্য কুড়িগ্রাম পুলিশ লাইনে কর্মরত ছিলেন। নিহতরা হলেন পুলিশ সদস্য শাহজাহান আলী (৩৫), আলমগীর হোসেন (৩৩), সামসুল হক (৩০), সোহেল রানা (৩২), প্রণব (৩২) ও ঝাড়ুদার শ্যামল (৪২)।
শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সোহেল রানা জানান, রাতে বগুড়াগামী সারবোঝাই একটি ট্রাকের (ঢাকা মেট্রো ট-১৪-৪৭৪৫) সঙ্গে মহিপুর বাজার এলাকায় কুড়িগ্রাম পুলিশ লাইন থেকে ঢাকাগামী (খুলনা মেট্রো ট-১১-০০৯২) পুলিশ বহনকারী আরেকটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৪ পুলিশ সদস্য নিহত হন। আহত সাতজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কিন্তু হাসপাতালে নেওয়ার পথেই ট্রাকের চালকসহ আরও ৩ জনের মৃত্যু হয়। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দুইজনকে ঢাকায় পাঠানো হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।









