নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী উপজেলা থেকে ছিনতাই হওয়া মোটরইকেলসহ ৪ ছিনতাকারীকে আটক করেছে পুলিশ। ময়মনসিংহের নান্দাইল উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই ৪ ছিনতাইকারীকে আটক করা হয়। আটককৃত ৪ ছিনতাইকারীকে ১ জুন বধুবার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আটককৃতরা হচ্ছে মাজাহারুল হক (২৪), গোলাম ফারুক পিপুল (২২), আইনুল ইসলাম মাখন (২৮) ও মামুন উদ্দিন আকন্দ (২৬)। আটককৃত ৪ জনই ময়মনসিংহের নান্দাইল উপজেলার বাসিন্দা।
জানা যায়, ২৯ ডিসেম্বর ও ১ মার্চ নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ও যোগানিয়া ইউনিয়নের পৃথক দু’টি স্থান থেকে ২টি মোটরসাইকেল কৌশলে ছিনতাই করা হয়। পরে মোটরসাইকেলের মালিকদ্বয় ছিনতাইয়ের ঘটনায় নালিতাবাড়ী থানায় সাধারণ ডায়েরি করেন। এরই প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে ১ মে ময়মনসিংহের ফুলপুর উপজেলা থেকে মাজাহারুলকে আটক করে। গত সোমবার মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় তাকে ২ দিনের রিমান্ডে নেয়া হয়। পরে মাজাহারুলের দেওয়া জবানবন্দীর প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে বুধবার সকালে ময়মনসিংহের নান্দাইল উপজেলা থেকে গোলাম ফারুক পিপুল, আইনুল ইসলাম মাখন ও মামুন উদ্দিনকে আটক করে। ওইসময় পিপলু ও মামুনের বাড়ি থেকে ছিনতাই হওয়া দুইটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। ওই ঘটনায় মোটরসাইকেলের মালিক রাজা মিয়া বাদী হয়ে নালিতাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম ফসিহুর রহমান বলেন, আটককৃতরা আন্তজেলা চোরচক্রের সদস্য। এদের ব্যবহৃত মুঠোফোনে কল ট্র্যাকিং ও একজনের স্বীকারোক্তি অনুযায়ী ৪ জনকে আটক করা হয়েছে।




