
শ্যামলবাংলা ডেস্ক : একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামালপুরের আটজনের বিরুদ্ধে প্রসিকিউশনের ২৫তম সাক্ষি ও মামলার তদন্ত কর্মকর্তা (আইও) মতিউর রহমানকে জেরা অব্যাহত রয়েছে।
আদালতে মামলার আইওকে দ্বিতীয় দিনের মত জেরা করেন আইনজীবী আব্দুস সোবহান তরফদার ও আইনজীবী মো. মিজানুল ইসলাম। পরে মামলার কার্যক্রম অসমাপ্ত অবস্থায় জেরার আগামীকাল পরবর্তী দিন নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল। মঙ্গলবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন, প্রসিকিউটর তুরিন আফরোজ ও তাপস কান্তি বল। এসময় ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন প্রসিকিউটর জেয়াদ আল মালুম, রেজিয়া সুলতানা চমন এবং জাহিদ ইমাম।
মামলায় আট আসামির মধ্যে অ্যাডভোকেট শামসুল আলম ও এসএম ইউসুফ আলী কারাগারে রয়েছেন। পলাতক অন্য ছয় জন হলেন- আলবদর বাহিনীর উদ্যোক্তা মো. আশরাফ হোসেন, অধ্যাপক শরীফ আহমেদ ওরফে শরীফ হোসেন, মো. আব্দুল হান্নান, মো. আব্দুল বারী, মো. হারুন ও মো. আবুল কাসেম।
এর আগে পালাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ও আত্মসমর্পণের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়া হলেও তারা আদালতে হাজির হননি। পুলিশ তাদেরকে পালাতক দেখিয়েছে। তাদের অনুপস্থিতিতে মামলার বিচার কার্য চলছে।
আসামীদের বিরুদ্ধে একাত্তরে হত্যা, গণহত্যা, আটক, অপহরণ, নির্যাতনসহ পাঁচ ধরণের অপরাধের অভিযোগে বিচার চলছে। মুক্তিযুদ্ধকালীন সময়ে আসামীরা জামালপুরে প্রায় ১০ হাজার মানুষকে হত্যা, ৫০ হাজার বাড়িঘর ধ্বংস করে প্রায় ১২ কোটি টাকার ক্ষতি সাধন করেছে বলে অভিযোগ রয়েছে।





