নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : প্রায় ২৮শ কৃষক পরিবারে সম্ভাবনার দ্বার খুলে দিতে উদ্বোধন হতে যাচ্ছে নালিতাবাড়ী উপজেলার চেল্লাখালী নদীর রাবার ড্যাম। কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী ও বন ও পরিবেশ মন্ত্রী মোঃ আনোয়ার হোসেন মঞ্জু ১৪ মে ওই রাবার ড্যাম উদ্বোধন করতে যাচ্ছেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ। অন্যান্যের মধ্যে উপস্থিত থাকবেন বিএডিসির চেয়ারম্যান শফিকুল ইসলাম লস্কর ও বিএডিসি (ক্ষুদ্র সেচ) পরিচালক ড. মোঃ সাইদুর রহমান সেলিম।
জানা যায়, কৃষিমন্ত্রীর প্রচেষ্টায় বিএডিসির ক্ষুদ্র সেচ উইংয়ের আওতায় এবং বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অর্থায়নে ‘জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলাধীন চেল্লাখালী নদীতে রাবার ড্যাম নির্মাণ প্রকল্প’ নামে প্রকল্পটি হাতে নেয়া হয়। ২০১৪-১৫ অর্থ বছরে প্রায় ১১ কোটি ৯৬ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি চলতি বছরের এপ্রিলে শেষ হয়। ফলে পাহাড়ি নদী চেল্লাখালীর সন্নাসীভিটা এলাকা থেকে উজানে প্রায় ৯ কিলোমিটার এলাকার দুই পাড়ের কৃষকদের সম্ভাবনার দ্বার খুলে যায়। রাবার ড্যামের সেচের আওতায় আসে প্রায় ৭শ হেক্টর জমি। একইসঙ্গে রাবার ড্যাম নির্মাণের ফলে শুস্ক মৌসুমে ওইসব এলাকা চলে আসা পানি সংকটও অনেকটাই মোকাবেলা করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
সন্নাসীভিটা এলাকার নদী তীরবর্তী গৃহবধূ রহিমা (৪০) জানান, ‘চৈত মাসে কোনদিন আশপাশে পানি থাকতো না। প্রতিদিন পাড়ার মহিলারা মিইল্যা নদীর তলা ধইরা হাঁটতে শুরু করছি, কোথাও পানি পাওয়া যায় কি না। পানি না পাইয়্যা নদীর তলা খুইদ্যা গর্ত করছি। এরপর আস্তে আস্তে পানি জমলে সবাই লাইন ধইরা পানি আনছি। আর এহন রাবার ড্যাম হওয়াতে বাড়ির টিউবওয়েলে পানি থাহে। পানির কোন অভাব নাই। আল্লায় কি যে শান্তি করছে।”
তিনি আরও বলেন, “প্রতিবছর নদী ভাংছে। আমার বাড়ি-ঘর ভাসাইয়া নিয়া গেছে। ভাইঙ্গা যায় দেইখ্যা কোনদিন ভাল কইরা বাড়ি বান্ধি নাই। এখন রাবার ড্যাম হওয়াতে নদী আর ভাংবো না। এই বছর নিয়ত করছি, সুন্দর কইরা বাড়ি-ঘর করমু।”
একই এলাকার কৃষক আহাজ উদ্দিন (৫৫) জানান, “এহন বোরোর আবাদ বাড়ব। নদীতে মাছ থাকব। হাঁস পালন করুন যাইবো। গোসল-আসল করুন যাইবো। সব দিক দিয়াই সুবিধা অইছে।”
উপজেলা কৃষি কর্মকর্তা শরিফ ইকবাল জানান, প্রথম এক বছর বিএডিসি পরীক্ষামূলক নিজেদের ব্যবস্থাপনায় সেচ সুবিধা দিবে। এরপর অবস্থা বুঝে স্থানীয় কৃষকদের সমন্বয়ে কমিটি করে তাদের হাতে সেচ ব্যবস্থাপনা হস্তান্তর করবে। এর ফলে স্থানীয় অন্তত ২৮শ কৃষক পরিবার রাবার ড্যামের সেচ সুবিধার আওতায় আসবে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক জানান, চেল্লাখালি নদীতে রাবারড্যামটি নির্মাণের ফলে এলাকার কৃষকদের দীর্ঘদিনের দাবি পূরণ হবে। এটি কৃষিক্ষেত্রে বিরাট সহায়তার পাশাপাশি এলাকায় অর্থনৈতিক উন্নয়নে এক নতুন মাত্রা যোগ করবে।




