স্টাফ রিপোর্টার : শেরপুরে জাতীয় বেতন কাঠামোয় চাকরি অন্তর্ভুক্ত করা ও ১২ মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকলনবীশ) অ্যাসোসিয়েশন, কেন্দ্রিয় কমিটির আহবানে শেরপুরের নকলনবীশরা পূর্ণদিবস কলম বিরতি কর্মসূচী পালন শুরু করেছেন। ফলে ২৪ এপ্রিল রবিবার সদর সাব-রেজিস্ট্রার কার্যালয়ে জমির দলিলের নকল ও বালাম বহি লিখা কার্যক্রম বন্ধ ছিল। এতে দলিলের নকল কপি নিতে আসা মানুষ ভোগান্তিতে পড়েছেন।
নকলনবীশ অ্যাসোসিয়েশন, শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. রুকুনুজ্জামান জানান, দীর্ঘ ১২ মাস যাবত সরকার নকলনবীশদের বেতন বন্ধ রেখেছেন। এ ছাড়া বার বার আশ্বাস দেওয়া সত্ত্বেও নকলনবীশদের চাকরি স্থায়ী করছেন না। ফলে দেশের বিভিন্ন সাব-রেজিস্ট্রার কার্যালয়ে কর্মরত নকলনবীশরা আর্থিক ও মানসিক দুর্ভোগসহ মানবেতর জীবন যাপন করছেন। তাই তাঁরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। এরই অংশ হিসেবে রবিবার থেকে ২৮ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত পূর্ণদিবস কলম বিরতি কর্মসূচী পালন করা হবে। আগামী ২ মে সোমবার ঢাকায় মহাসমাবেশ হতে পরবর্তী কর্মসূচী ঘোষণা করা হবে বলে তিনি জানান।




