শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মনোয়ার হোসেন মন্টু (৩৭) নামে একজন নিহত হয়েছে। নিহত মন্টু উপজেলার কুরুয়া গড়খোলা গ্রামের হামিদুর রহমানের ছেলে। সোমবার বিকেলে আম গাছের ডাল কাটা নিয়ে প্রতিবেশি লুৎফর রহমান ও তার লোকজনের সাথে সংঘর্ষের ঘটনাটি ঘটে। এতে সে গুরুতর আহত হয়ে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মন্টু মারা যায়।
নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, বাড়ির পাশের একটি আমগাছের ডাল কাটাকে কেন্দ্র করে নিহত মনোয়ার হোসেনের সাথে প্রতিবেশী লুৎফর রহমানের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধেঁ। ওই সময় মনোয়ার হোসেন গুরুতর আহত হয়। পরে তার পরিবারের লোকজন ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে প্রথমে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তাকে জেলা সদর হাসপাতালে পাঠালে তার অবস্থার আরও অবনতি ঘটে। ওই অবস্থায় তাকে নেয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মনোয়ার হোসেন মন্টু মারা যায়। ওই ঘটনায় শ্রীবরদী থানায় নিহতের ভাই দেলোয়ার হোসেন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস. আলম জানান, ওই ঘটনায় জড়িত অভিযোগে লুৎফর রহমানসহ ৫ জনকে আটক করা হয়েছে। অপর আসামীদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।




