স্টাফ রিপোর্টার : চাকুরি স্কেলভুক্তকরণ ও ১২ মাসের বকেয়া বেতন প্রদানের দাবিতে শেরপুরে সাব-রেজিস্টার কার্যালয়ের নকলনবীশগণ মানববন্ধন করেছেন। বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকলনবীশ) অ্যাসোসিয়েশন, কেন্দ্রিয় কমিটির আহবানে শেরপুরের নকলনবীশগণ ১৭ এপ্রিল রবিবার দুপুরে শহরের নিউ মার্কেট মোড়ে এ কর্মসূচী পালন করেন।
নকলনবীশ অ্যাসোসিয়েশন, শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. রুকুনুজ্জামান জানান, দীর্ঘ ১২ মাস যাবত সরকার নকলনবীশদের বেতন বন্ধ রেখেছেন। এ ছাড়া বার বার আশ্বাস দেওয়া সত্ত্বেও নকলনবীশদের চাকুরি স্থায়ী করছেন না। ফলে দেশের বিভিন্ন সাব-রেজিস্টার কার্যালয়ে কর্মরত নকলনবীশরা আর্থিক ও মানসিক দুর্ভোগসহ মানবেতর জীবন যাপন করছেন। তাই তাঁরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। এরই অংশ হিসেবে আজ রোববার বেলা সাড়ে ১২ টা থেকে বেলা একটা পর্যন্ত সংগঠনের পক্ষ থেকে নিউমার্কেট মোড়ে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। তিনি অবিলম্বে নকলনবীশদের ন্যায্য দাবিসমূহ মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আবেদন জানান।
মানববন্ধনে নকলনবীশ অ্যাসোসিয়েশন, শেরপুর জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন, সহ-সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক মো. রুকুনুজ্জামান, সদর উপজেলা শাখার সভাপতি মতিউর রহমান ও সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামানসহ জেলায় কর্মরত দেড়শত নকলনবীশ অংশ গ্রহণ করেন।




