স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে চাঞ্চল্যকর শিশু রাহাত হত্যা মামলায় বিচার কার্যক্রমের চতুর্থ দিনে আরও ৪ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। ১৫ ফেব্রুয়ারি সোমবার ওই সাক্ষ্যগ্রহণ করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ সায়েদুর রহমান খান। এর আগে ৯ ফেব্রুয়ারি থেকে টানা ৩ দিনে সংবাদদাতা বাদী শিশু রাহাতের বাবা শহীদুল ইসলাম খোকন ও মা রিনা বেগমসহ ১৪ জনের সাক্ষ্য ও জেরা গ্রহণ করে আদালত। এ নিয়ে মামলার ২৭ জন সাক্ষীর মধ্যে ১৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হল। ১৬ ও ১৭ ফেব্রুয়ারিতেও টানা সাক্ষ্যগ্রহণ চলবে।
সাক্ষ্যগ্রহণ উপলক্ষে হাজতী আসামী লতিফ (২১), রবিন মিয়া (২০), আসলাম বাবু (২২) ও ইমরান হোসেন (২১) কে জেলা কারাগার থেকে কড়া নিরাপত্তায় ট্রাইব্যুনালে হাজির করা হয়।
উল্লেখ্য, গত বছরের ২ আগস্ট দুপুরে শেরপুর শহরের বিপ্লব-লোপা মেমোরিয়াল স্কুলের প্রথম শ্রেণির ছাত্র আরাফাত ইসলাম রাহাতকে (৮) তার আপন খালু আব্দুল লতিফসহ কয়েকজন দুর্বৃত্ত অপহরণ করে মুক্তিপণ দাবি করে। অপহরণের ৬ দিন পর ৮ আগস্ট দুপুরে নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্ক সংলগ্ন পাহাড় থেকে অপহৃত শিশু রাহাতের কঙ্কাল উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় নিহত রাহাতের খালু লতিফসহ অপর তিন আসামী রবিন মিয়া, আসলাম বাবু ও ইমরান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। তদন্ত শেষে পুলিশ নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৮/৩০ ধারা এবং তৎসহ দঃবিঃ ৩০২/২০১/৩৪ ধারায় ২৯ নবেম্বর লতিফসহ ৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। পরবর্তীতে নিম্ন আদালত ১৩ ডিসেম্বর মামলাটি বিচারের জন্য ট্রাইব্যুনালে পাঠালে ৩ ফেব্রুয়ারি ৪ আসামীর বিরুদ্ধেই অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল।




