শ্যামলবাংলা ডেস্ক : ঘন কুয়াশার কারণে দেশের সড়ক ও মহাসড়কগুলোতে দুর্ঘটনা বেড়ে যাওয়ায় কুয়াশার মধ্যে মহাসড়কে যানবাহন চালানোর সর্বোচ্চ গতিসীমা ৪০ থেকে ৫০ কিলোমিটারের মধ্যে রাখার নির্দেশ দিয়েছে এ সংক্রান্ত সরকারি কমিটি। ১২ জানুয়ারি মঙ্গলবার দুপুরে সচিবালয়ে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের বৈঠকে ওই সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ এবং সংশ্লিষ্ট সংস্থা ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বৈঠকে কুয়াশার কারণে যানবাহন চলাচলের প্রতিবন্ধকতার বিষয়ে আলোচনার পাশাপাশি দুর্ঘটনা রোধে ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়। ওই সময় ঘন কুয়াশার মহাসড়ক-সড়কে গাড়ির সর্বোচ্চ গতিসীমা ৪০ থেকে ৫০ কিলোমিটারের মধ্যে রাখার নির্দেশনা দেয়া হয়। এছাড়া যদি কুয়াশা অত্যধিক ঘন হয়ে সেক্ষেত্রে প্রয়োজনে মহাসড়কে যান চলাচল বন্ধ রাখতেও বলা হয়। কুয়াশার মধ্যে গাড়ি চালাতে ফগ লাইট ব্যবহার বাধ্যতামূলক করারও নির্দেশনা দেওয়া হয়।
বৈঠকে এই সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশনা দেয়া হয়। এছাড়া যানবাহনে যৌন হয়রানির ঘটনা প্রতিরোধে বিআরটিএ চেয়ারম্যানকে সভাপতি করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় বৈঠকে।
যানবাহনে যৌন হয়রানি প্রতিরোধের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, সাংবাদিক প্রতিনিধিসহ সংশ্লিষ্টদের নিয়ে গঠিত কমিটি যৌন হয়রানি রোধে মনিটরিং করবে। এজন্য সড়ক নিরাপত্তা বিষয়ক উপ-কমিটির স্বল্পকালীন সুপারিশমালা বাস্তবায়নে বিআরটিএর চেয়ারম্যানের নেতৃত্বে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে কমিটি হঠন করা হয়েছে।
বৈঠকে সড়ক দুর্ঘটনা কমেছে বলে উল্লেখ করেন মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, সড়ক দক্ষিণ এশিয়ায় সর্বনিম্ন দেশের তালিকায় বাংলাদেশ দ্বিতীয়। আর বিশ্বের ১৭২টি দেশের মধ্যে সর্বনিম্ন তালিকায় বাংলাদেশ ৯ম। এ পরিসংখ্যান তুলে ধরে ওবায়দুল কাদের বলেন প্রতি বছরই সড়ক দুর্ঘটনা কমছে। এ সময় সড়ক দুর্ঘটনা নিয়ে যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদনটি তথ্য নির্ভর নয় বলে উল্লেখ করেন তিনি।




