শ্যামলবাংলা ডেস্ক : টঙ্গীর তুরাগ নদীর তীরে শুরু হওয়া বিশ্ব ইজতেমার প্রথম দিন শুক্রবার স্মরণকালের বৃহত্তম জুমার নামাজ আদায় করেছেন লাখো মুসল্লি। দুপুর ১টা ৪০ মিনিটে জুমার জামাত শুরু হয়। নামাজের ইমামতি করেন বাংলাদেশের কাকরাইল মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ জোবায়ের। এদিকে ইজতেমায় যোগদানকারী মুসুল্লি ছাড়াও জুমার নামাজে অংশ নিতে ঢাকা-গাজীপুরসহ আশপাশের এলাকার লাখ লাখ মুসল্লি ইজতেমাস্থলে হাজির হন। ভোর থেকেই রাজধানীসহ আশপাশের এলাকা থেকে ইজতেমা মাঠের দিকে মানুষের ঢল নামে। দুপুর ১২টার দিকে ইজতেমার মাঠ উপচে আশপাশের খোলা জায়গাসহ সবস্থান জনসমুদ্রে পরিণত হয়। মাঠে স্থান না পেয়ে মুসুল্লিরা মহাসড়ক ও অলি-গলিসহ যে যেখানে পেরেছেন হোগলা পাটি, চটের বস্তা, খবরের কাগজ বিছিয়ে জুমার নামাজে শরিক হয়েছেন। ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এ গণজমায়েতে অংশ নিতে বুধবার থেকেই তুরাগ তীরে জড়ো হতে থাকেন দেশ-বিদেশের লাখো মুসল্লি। আত্মশুদ্ধি, দুনিয়া ও আখেরাতে মুক্তি লাভের আশায় মুসল্লিরা দলবদ্ধ হয়ে মাঠের নির্ধারিত স্থানে (খিত্তায়) প্রয়োজনীয় মালামাল নিয়ে অবস্থান করছেন। এদিকে শুক্রবার পর্যন্ত ইজতেমায় এসে মারা গেছেন ৩ মুসল্লি।




