শ্যামলবাংলা ডেস্ক : ভারতের পাঞ্জাব রাজ্যে বিমানবাহিনীর পাঠানকোট ঘাঁটিতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এনডিটিভি জানায়, ২ জানুয়ারি শনিবার ভোররাত চারটার দিকে সেনাবাহিনীর পোশাকে সন্ত্রাসীরা বিমানঘাঁটির কাছে একটি ভবন থেকে এই হামলা চালায়। পাাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় এই হামলায় এ পর্যন্ত চারজন হামলাকারী ও দুইজন নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
বিবিসি জানায়, ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। অভিযানে সহায়তার জন্য সেনাবাহিনী ও হেলিকপ্টার পাঠানো হয়েছে। হামলার ঘটনায় দুই হামলাকরী নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র নিতীন ওয়াকাঙ্কার।
কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানায়, হামলায় পুলিশের ছিনতাই হওয়া একটি গাড়ি ব্যববহার করা হয়। হামলাকারীরাও সেনাবাহিনীর পোশাক পড়ে এসেছিল।
পাকিস্তান প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে লাহোরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এক সৌজন্য সাক্ষাতের কয়েকদিন পর এ ঘটনা ঘটল।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, চার থেকে পাঁচজনের একটি সশস্ত্র দল ভোররাত সাড়ে ৩টার দিকে ওই হামলা শুরু করে। হামলাকারীদের মধ্যে জীবিতরা ওই ভবনে লুকিয়ে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এক নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে এএফপির প্রতিবেদনে বলা হয়, শক্তিশালী অস্ত্রশস্ত্রে সজ্জিত হামলাকারীদের লক্ষ্য ছিল বিমানঘাঁটিতে ব্যাপক ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালানো। তবে হামলা মোকাবেলা করা সম্ভব হয়েছে।
ওই কর্মকর্তা বলেন, আমরা নিশ্চিত পাকিস্তানের জঙ্গি সংগঠন জয়শ-ই-মোহাম্মদ এর সন্ত্রাসীর এ হামলা চালিয়েছে। তবে পাকিস্তানের পক্ষ থেকে বিষয়টি অস্বীকার করা হয়েছে।




